নেপালে ‘ঘেটুপুত্র কমলা’ ও ‘উত্তরের সুর’ পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। আর বিচারকদের রায়ে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ ছবিটি। গতকাল রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ‘ঘেটুপুত্র’ কমলা ছবির পক্ষে পুরস্কার নেন পারভেজ রাজন আর ‘উত্তরের সুর’ ছবির পক্ষে নেন পরিচালক শাহনেওয়াজ কাকলী নিজে। বর্তমানে তাঁরা দুজন নেপালে আছেন। নেপাল থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে শাহনেওয়াজ কাকলী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার পাওয়ার অনুভূতি নিঃসন্দেহে অনেক আনন্দের। শুধু পুরস্কার অর্জন করাটাই নয়, উত্সবে আসা অতিথিদের ছবি সম্পর্কে প্রশংসা শুনে আরও বেশি ভালো লেগেছে।’ শাহনেওয়াজ কাকলী আরও বলেন, বাংলাদেশ ছাড়াও উত্সবে পাকিস্তানি পরিচালক ড্যানিয়েল জাংয়ের প্রামাণ্যচিত্র ‘সেভিং ফেস’ শ্রেষ্ঠ ডকুমেন্টারি এবং ইসরায়েলি পরিচালক ডান উলম্যান পেয়েছেন স্পেশাল কনট্রিবিউশন টু সিনেমা অ্যাওয়ার্ড। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হুমায়ূন আহমেদের ছবি ‘ঘেটুপুত্র’ কমলার অভিনয়শিল্পীরা হলেন: তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মামুন, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতী ও তার দল, অনি, প্রান্তি, পুতুল, আবদুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। আর, কাকলীর ‘উত্তরের সুর’ ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন লুসি, পল, শিশুশিল্পী মেঘলা ও রংপুর থিয়েটার-সংশ্লিষ্ট গুণী নাট্যজনেরা।