নেপালের রাজনীতিতে আসছেন মনীষা!
ভবিষ্যতে নেপালের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনার কথা জানালেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা।নেপালের রাজনৈতিক পরিবারে জন্ম মনীষার। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা। দুই চাচা গিরিজা প্রসাদ কৈরালা ও মাতৃকা প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। মনীষার বাবা প্রকাশ কৈরালাও সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে মিড-ডে।রাজনীতিতে সম্পৃক্ত হবেন কি না, এমন প্রশ্নের জবাবে মনীষা বলেন, ‘কাল কী হবে তা আমি আজ বলতে পারছি না। তবে হ্যাঁ, ভবিষ্যতে নেপালের রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা রয়েছে আমার। এ মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি রাজনীতির মাঠে নামব কি না, তাহলে আমার জবাব হবে, “না”। কিন্তু ভবিষ্যতে এই একই প্রশ্নের উত্তর কী হবে, তা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ, ভবিষ্যতে কী ঘটবে, তা কেউই নিশ্চিত করে বলতে পারে না।’হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম, বাংলা ও নেপালি ছবিতে কাজ করেছেন মনীষা। মাঝে কিছুদিন অনিয়মিত থাকলেও আবার বলিউডের ছবিতে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন। ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে মনীষা অভিনীত ‘ভূত রিটার্নস’ ছবিটি।রাম গোপাল ভার্মা পরিচালিত ভৌতিক এ ছবিটি ছাড়া আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মনীষা। এখন মন দিয়ে প্রস্তাবিত ছবিগুলোর চিত্রনাট্য পড়ছেন। পছন্দসই চিত্রনাট্য মিলে গেলে অভিনয় শুরু করে দেবেন। আপাতত অভিনয় জগতেই বিচরণ করতে চান মনীষা। তাই এখনই রাজনীতিতে নাম না লিখিয়ে বিষয়টি ভবিষ্যতের ওপরই ছেড়ে দিয়েছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।