নেপালের শেষ 'হলিডে'

নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পের ভয়াবহতা দেখে এসেছে টেলিছবি হলিডের দল। ভূমিকম্পের আগের দিন শেষ হয় এর শুটিং। অক্ষত নেপালের শেষ সময়গুলো নিয়ে তৈরি টেলিছবিটি প্রচার হবে আজ। হলিডে রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। পরিচালক ছাড়াও এতে অভিনয় করেছেন রুনা খান, শাহাদাৎ হোসেন, কল্যাণ কোরাইয়া প্রমুখ। তিন দিন ধরে এই টেলিছবির শুটিং হয়েছে নেপালে।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন, ‘আমরা শুটিং করেছি নেপালের ধুলিখেল ও নাগরকোটে। এই দুই এলাকার দুটি রিসোর্ট ও আশপাশের এলাকায় শুটিং করেছি। ২৫ এপ্রিলের ভূমিকম্পে রিসোর্ট দুটি অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি জানান, সাজানো-গোছানো নেপালের শেষ সময়ের দৃশ্য দেখা যাবে এই টেলিছবিতে।
অভিনেত্রী রুনা খান বলেন, ‘আমরা ২০ এপ্রিল নেপালে গিয়েছিলাম। আরও দুটি নাটকের কাজ ছিল। এর মধ্যে আমরা একটি নাটক ও হলিডে টেলিছবির কাজ শেষ করতে পেরেছিলাম। বাকি দুটির কাজ চলছিল। কিন্তু ভূমিকম্পের কারণে শুটিং করার অবস্থা আর ছিল না। জীবন নিয়ে ফিরে এসেছি, এটাই বড় পাওয়া।’ হলিডে আজ বেলা আড়াইটায় প্রচার করা হবে চ্যানেল আইয়ে।