নেয়ামুলের নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’
নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন ‘এক কাপ চা’খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ‘তবুও জীবন’ ধারাবাহিক নাটকটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন তিনি। তবুও জীবন নাটকটি নির্মিত হচ্ছে এনটিভির জন্য। ১০৪ পর্বের এই ধারাবাহিকের অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে বর্তমানে। নেয়ামুল জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ নাটকের কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে। তবুও জীবন ধারাবাহিকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। নতুন এ ধারাবাহিক নিয়ে নেয়ামুল বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম একটি ধারাবাহিক নাটক নির্মাণের। নানা কারণে হয়ে উঠছিল না। এ গল্পটি আমার পছন্দ হয়েছে। চ্যানেলও নাটকটির ভাবনাটা পছন্দ করেছে। আশা করছি, আমরা একটি ভালো নাটক বানাতে পারব।’ সর্বশেষ ২০০৯ সালে এটিএন বাংলার জন্য একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন নেয়ামুল। ‘তবুও জীবন’ তার চতুর্থ ধারাবাহিক। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ফেরদৌস প্রযোজিত ও নেয়ামুল পরিচালিত চলচ্চিত্র ‘এক কাপ চা’। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা প্রমুখ।