নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ইউটুর নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউটু ব্যান্ডের চার সদস্য
ইউটু ব্যান্ডের চার সদস্য

চার বছর পর ‘অর্ডিনারি লাভ’ শিরোনামে নতুন গান প্রকাশ করল জনপ্রিয় আইরিশ রক ব্যান্ডদল ইউটু। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জীবনীভিত্তিক ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করেছে ইউটু।
২০০৯ সালে প্রকাশিত ইউটুর ‘নো লাইন অন্য দ্য হরাইজন’ অ্যালবামের ‘ব্রিদ’ গানের নতুন সংস্করণ ‘অর্ডিনারি লাভ’। গানটি প্রকাশিত হলেও এটি অ্যালবাম আকারে বাজারে পাওয়া যাবে ২৯ নভেম্বর থেকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।
ইউটু ব্যান্ডের চার সদস্য বোনো, অ্যাডাম ক্লেটন, দ্য এজ এবং ল্যারি মুলেন জুনিয়র চার বছর পর তাঁদের ভক্তদের নতুন গানটি উপহার দেওয়ার পাশাপাশি পরবর্তী অ্যালবামের কাজও প্রায় শেষ করে ফেলেছেন। নাম চূড়ান্ত না হলেও অ্যালবাম মুক্তির সময়ও ঠিক করে ফেলেছে ইউটু। নতুন অ্যালবামটি প্রকাশিত হবে আগামী বছরের এপ্রিলে।
ব্রিটিশ নির্মাতা ও অভিনেতা জাস্টিন চ্যাডউইক পরিচালিত ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। নেলসন ম্যান্ডেলার লেখা আত্মজীবনী ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ অবলম্বনে নির্মিত ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘ঘোস্ট রাইডার’খ্যাত ব্রিটিশ অভিনেতা ইদ্রিস অ্যালবা। ছবিটিতে নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা চরিত্রে দেখা যাবে ‘স্কাইফল’ তারকা নাওমি হ্যারিসকে।