নেস-প্রীতির উত্তপ্ত বাগযুদ্ধের ফুটেজ প্রকাশিত

উত্ত্যক্ত করার অভিযোগে সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিনতার দায়ের করা মামলা নতুন মোড় নিয়েছে। সম্প্রতি নেস ও প্রীতির উত্তপ্ত বাগযুদ্ধের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে জিনিউজ। ফুটেজে সাবেক এ প্রেমিক যুগলকে বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেলেও প্রীতির হাত ধরে নেস টানা-হেঁচড়া করেছেন কি না, তা বোঝা যায়নি।
নেস-প্রীতির ঝগড়ার পেছনের কারণ সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, গত ৩০ মে ছিল নেসের ৪৪তম জন্মদিন। ওই দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেস তাঁর মা ও আত্মীয়স্বজনদের নিয়ে খেলা দেখতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, তাঁদের জন্য বরাদ্দ করা আসন দখল করে বসে আছেন প্রীতি ও তাঁর বন্ধুরা। প্রায় ২০ মিনিট নেসের মাকে দাঁড়িয়ে থাকতে হয়। একপর্যায়ে প্রীতির সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন নেস।
শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ১২ জুন বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রীতি। সাবেক প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, ইচ্ছাকৃতভাবে অপমান এবং সম্ভ্রমহানিকর শব্দ প্রয়োগের অভিযোগ তোলেন প্রীতি। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করে মুম্বাই পুলিশ। অবশ্য প্রীতির এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই দাবি করেন নেস।
প্রীতি মামলা দায়েরের পর পুরোদমে তদন্তের কাজ শুরু করে দেয় মুম্বাই পুলিশ। প্রকৃত সত্য উদ্ধারের জন্য পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নেস ওয়াদিয়াকে গ্রেপ্তার করা হবে কি না, তা এখন অনেকটাই নির্ভর করছে এই সিসিটিভি ফুটেজের ওপর। পাশাপাশি অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পর দোষী প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে।
পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর ২০১১ সালে সম্পর্কের ইতি টানেন প্রীতি ও নেস। ব্যক্তিগত সম্পর্কের ইতি ঘটলেও, এখনো কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিকেট দলের কর্ণধার সাবেক এ জুটি। প্রীতি গত বৃহস্পতিবার নেসের বিরুদ্ধে দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন প্রীতি। ম্যাচ চলার সময় হঠাত্ করেই প্যাভিলিয়নে প্রীতির কাছে যান নেস। তিনি প্রীতির হাত ধরে টানা-হেঁচড়া করেন এবং মাঠে উপস্থিত দর্শকদের সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
প্রীতি এমন অভিযোগ তোলার পর এক বিবৃতিতে নেস নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে প্রীতির দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনায় আমি প্রচণ্ড অবাক হয়েছি।’