নো-ওয়ান নোলান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারস্টেলার ছবির দৃশ্য
ইন্টারস্টেলার ছবির দৃশ্য

সাহেব-সুবোরা কী এক অদ্ভুত নেশা ধরিয়ে গেল বাঙালিদের। গরম পানিতে পাতা ভিজিয়ে খাওয়া—এ কেমনতর নেশা! তবে চা জিনিসটাকে গালমন্দ করার আগে আরেকজনের কথা একটু শুনুন। তিনিও সাহেব বৈকি। চায়ে তাঁর এতটাই নেশা, সঙ্গে সব সময় পকেট ফ্লাস্ক রাখেন। দাঁত কিছুটা তামাটে বর্ণের, সিগারেট নয়, সেটা চায়ের নেশার কারণেই।
চায়ে তাঁর এতটাই নেশা, অভিনেতা মাইকেল কেইন তো একবার সন্দেহ করে বসেছিলেন, চায়ের সঙ্গে নিশ্চয়ই অন্য কিছু মেশানো থাকে! পরিচালক মানুষ। শুটিংয়ে কত তল্লাটেই না যেতে হয়। তবে সহকারীও পেয়েছেন মোক্ষম। সেই সহকারীর কোন গুণটা সবচেয়ে ভালো, সেটা বলতে গিয়ে একবার বলেছিলেন, ‘চাহিবামাত্র চায়ের জোগান দিতে পারে অ্যান্ডি। অ্যান্ডি আমাকে হিমবাহে বসেও চা খাওয়াতে পারবে।’
চায়ের দাস, চায়ের ‘চাকর’ এই বিশিষ্ট চা-খোরের নাম ক্রিস্টোফার নোলান। যখন জানবেন, এই নোলানের মাথা থেকেই ফলোয়িং, মেমেন্টো, ইনসোমনিয়া, ইনসেপশন, প্রেস্টিজ-এর মতো অসাধারণ ছবি বেরিয়েছে; ব্যাটম্যানকে একেবারে নতুন রূপে যিনি হাজির করেছিলেন ‘ডার্ক নাইট’ সিরিজে; যে সিরিজ ২৫০ কোটি ডলার আয় করেছে বিশ্বজুড়ে; এখন জিনিসটাকে স্যালুট আপনাকে করতেই হবে।
চায়ে চাষা নোলান-মস্তিষ্ক থেকে এবার বের হয়েছে আরেকটি দুর্দান্ত ছবি। ধার করা কাহিনি নিয়ে ছবি বানাতে তিনি পছন্দ করেন না। এই ছবিটাও তাই কোনো কমিক বই, টিভি সিরিজ কিংবা উপন্যাস থেকে নেওয়া নয়। ছবিতে আবারও ভাই জোনাথন নোলানের সঙ্গে জুটি বেঁধেছেন, যে জুটির যাত্রা ফলোয়িং থেকেই শুরু। জোনাথনের চিত্রনাট্য আর ক্রিসের পরিচালনা শুরুতেই পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আবারও দেবে নিশ্চয়ই।
রুপালি পর্দার এই ‘রাইট ভ্রাতৃদ্বয়’ এবার নিয়ে আসছেন ইন্টারস্টেলার। ম্যাথু ম্যাককনেগি, অ্যান হ্যাথাওয়ে অভিনীত বৈজ্ঞানিক কল্পকাহিনির ছবিটি মুক্তি পেয়েছে ৬ নভেম্বর। এ ছবি দিয়ে ইনসেপশন-এর পর আবার পরিচালকের ভূমিকায় ফিরেছেন মাঝখানে প্রযোজক হিসেবে আরও গোটা কয়েক সফল ছবি উপহার দেওয়া নোলান।
ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে বাস-অযোগ্য হয়ে পড়া পৃথিবীর বিকল্প গ্রহের সন্ধানে নামা কয়েকজন নভোচারীকে নিয়ে ছবির গল্প। বিষয়টা বলতে পারেন পুরোনো। কিন্তু ক্যামেরা নামের তৃতীয় নয়নটি দিয়ে নোলান নতুন একটা গল্পই উপহার দেবেন নিশ্চয়ই। নোলান মানেই যে অন্য কিছু, দুর্দান্ত কিছু।
ছবির বাজেট সাড়ে ১৬ কোটি ডলার। কোনো ফ্রাঞ্চাইজি বা সিরিজ ছবি ছাড়া একক কোনো ছবির পেছনে এত বড় বাজেট ঢালার সর্বশেষ নজির ছিল ২০১০ সালে নির্মিত একটি ছবি। বলা বাহুল্য, সেটাও ছিল নোলানেরই, ইনসেপশন। শুধু তা-ই নয়, ছবির জন্য ২০ কোটি ডলার ঢালার জন্যও প্রস্তুত ছিল ওয়ার্নার ব্রস। ওয়ার্নার ছবিটির প্রযোজক, কিন্তু যৌথভাবে সংস্থাটিকে কাজ করতে হচ্ছে প্যারামাউন্টের সঙ্গে। নোলান সেই পরিচালক, যিনি তীব্র প্রতিদ্বন্দ্বী দুই প্রযোজনা প্রতিষ্ঠানকেও কাঁধ মিলিয়ে কাজ করাতে বাধ্য করতে পারেন!

ক্রিস্টোফার নোলান
ক্রিস্টোফার নোলান

শুধু তা-ই নয়, এই ছবির জন্য পারিশ্রমিক পেয়েছেন এক কোটি ডলার। সঙ্গে ছবির আয়ের দশ শতাংশ। যে পরিমাণ পারিশ্রমিকের স্বপ্ন শুধু হলিউডের শীর্ষ অভিনেতারাই দেখতে পারেন। ত্রিমাত্রিক প্রযুক্তির বাজিমাতের এই যুগে ক্লাসিক ঘরানার নোলান প্রযোজকের ইচ্ছা বাতিল করে ছবিটি থ্রিডিতে করেননি। এই যুগে প্রযোজনা সংস্থাই যখন হর্তাকর্তা, পরিচালকেরা যেখানে স্রেফ ভাড়াটে ভূমিকায়, সেখানেও নোলানই সর্বেসর্বা।
হলিউডে এ ধরনের কর্তৃত্ব ফলাতে পারেন আর কেবল দুজন পরিচালক। স্টিভেন স্পিলবার্গ আর জেমস ক্যামেরন। কিন্তু স্পিলবার্গের জস যেখানে মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে, ক্যামেরনের টার্মিনেটর ১৯৮৪-তে; নোলান সেখানে তাঁর প্রথম স্টুডিও ছবি ইনসমনিয়া বানিয়েছেন ২০০২ সালে! অতি অল্প সময়ে, তার চেয়েও অল্প কয়েকটা ছবি দিয়েই নোলান বানিয়ে নিয়েছেন শক্ত জমিন।
আর দশটা পরিচালকের মতো টি-শার্ট, বেসবল ক্যাপ পরেন না। স্যুটেই তাঁর স্বস্তি। ব্যক্তিগত মোবাইল ফোন নেই, এমনকি ই-মেইল ঠিকানাও। খাঁটি ব্রিটিশ ধাঁচে কথা বলেন, যদিও শরীরের অর্ধেকটায় মিশে আছে আমেরিকান রক্ত। সবচেয়ে বড় কথা, নোলানের ছবির সংখ্যা হাতে গুনেই বলে দেওয়া যাবে। কিন্তু তার পরও নোলান আজ স্পিলবার্গ-ক্যামেরনদের সমকাতারে; এমনকি তিনবারের মনোনয়ন পেয়ে একবারও অস্কার না জিতেও।
স্বল্পভাষী, মিডিয়ার সঙ্গে তাই খুব একটা বাতচিত নেই। যা বলার তাঁর হয়ে বলেন স্ত্রী এমা টমাস, ইংল্যান্ডে কলেজে পড়তে গিয়ে যাঁর সঙ্গে তাঁর পরিচয়-প্রণয়। ভাইয়ের কথা বলা হলেও নোলানের জুটিটা আসলে ত্রিমুখী। নোলানের সব ছবির নির্বাহী প্রযোজক হিসেবে এমা এতটাই দক্ষতার সঙ্গে কাজ করেন, নোলানকে কেবল স্ক্রিপ্ট, পরিচালনা আর এডিটিং নিয়ে ভাবলেই চলে। ভাই, স্ত্রী এমা...এবং অবশ্যই চা—এই হলো নোলানের তিন বিশ্বস্ত সহচর।
সব মিলিয়ে নোলান একজনই। তাঁর মতো অন্য কেউ নেই আর, নো ওয়ান!
রাজীব হাসান
ওয়াল স্ট্রিট জার্নাল অবলম্বনে