নো-ম্যানস ল্যান্ডে মানবশিশু

একদল নারী-পুরুষ আর শিশুকে ধরে আনা হয়েছে সীমান্তে, তাদের ঠেলে দেওয়া হবে ওই পারে। সুযোগ বুঝে গভীর রাতে সীমান্তের রক্ষীরা তাদের ঠেলে দিল নো-ম্যানস ল্যান্ড বা না-মানুষি জমিনে। কিন্তু ওপারের সীমান্তরক্ষীরাও প্রস্তুত। কাউকে তারা তাদের পারে ঢুকতে দিল না, রুখে দাঁড়াল সিঙন উঁচিয়ে।
নাটকের দল থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক না-মানুষি জমিন-এর গল্পটি দুই দেশের সীমান্তের মাঝখানে আটকে পড়া একদল মানুষের৷ আনিসুল হকের উপন্যাস না-মানুষি জমিন অবলম্বনে নাটকটির মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন৷ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ নাটকের প্রদর্শনী হয়৷
তীব্র শীত আর কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে আটকে পড়ে রইল একদল মানবসন্তান। নানা বয়সী নারী-পুরুষের মধ্যে আছেন একজন গর্ভবতী নারীও। সে রাতেই প্রসববেদনা ওঠে তাঁর। কুয়াশার চাদরের নিচে সন্তান প্রসব করে মারা গেলেন সেই নারী। নো-ম্যানস ল্যান্ডেই পড়ে রইল সেই মানবশিশু। কী তার দেশ? কী তার পরিচয়? এখন কী হবে ওই শিশুর? কত্থকের বয়ানে জানা গেল, যখন কেউই সেই মানবশিশুর দায়িত্ব নিল না, তখন একটি বানর এসে কোলে তুলে নেয় তাকে।
থিয়েটার আর্ট ইউনিটের সদস্য মোহাম্মদ বারী জানান, না-মানুষি জমিন থিয়েটার আর্ট ইউনিটের ১৮তম প্রযোজনা। গতকাল বৃহস্পতিবার ছিল এর চতুর্থ প্রদর্শনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শানু চৌধুরী, হাসনাত প্রদীপ, সুমন মজুমদার, নুরুজ্জামান বাবু, প্রশান্ত হালদার, রিয়াজ হোসেন, মোকাদ্দেম মোরশেদ প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিচালনা সেলিম মাহবুব এবং পোশাক পরিকল্পনা করেছেন রোকেয়া রফিক।