নোবেল, তারিন ও মিলনের ‘শুকতারা’
নোবেল আর তারিনের বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু তাঁরা জুটি হয়ে কখনো অভিনয় করেননি। প্রথমবারের মতো তাঁরা জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন। নাটকে আরও আছেন আনিসুর রহমান মিলন। নোবেল, তারিন ও মিলন—এই তিনজনও প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন। নাটকের নাম ‘শুকতারা’। লিখেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন কৌশিক শঙ্কর দাশ।ত্রিভুজ প্রেমের গল্পের নাটক শুকতারায় দেখা যাবে, শুভ্র (আনিসুর রহমান মিলন) একজন মিউজিশিয়ান। শুভ্রর মিউজিক প্রার্থনাকে (তারিন) প্রেমে ফেলে। শুভ্রকে ভালোবাসে প্রার্থনা। তাই কোনোকিছু চিন্তা না করেই শুভ্রকে বিয়ে করে ফেলে সে। কিন্তু জীবন সম্পর্কে উদাসীন শুভ্র একদিন সবকিছু ছেড়ে কোথাও চলে যায়। শুরু হয় প্রার্থনার সংগ্রামী জীবন। একটা চাকরি হয়। অফিসে প্রার্থনার ইমিডিয়েট বস জুনায়েদ (নোবেল)। কী এক জাদুতে ধীরে ধীরে প্রার্থনাকে সম্মোহন করে ফেলেন। প্রার্থনা কি জুনায়েদকে গ্রহণ করবে? নাকি শুভ্রর ফিরে আসার অপেক্ষা করবে? এ রকম একটি ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘শুকতারা’ নাটকের গল্প। নোবেল বলেন, ‘মিডিয়ায় আছি অনেক বছর হলো। অনেকের সঙ্গে নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়েছে, তবে তারিনের সঙ্গে কখনো অভিনয় করিনি। এবারই প্রথম আমরা দুজন একই নাটকে অভিনয় করতে যাচ্ছি।’নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত আটটা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।