নোবেলের ক্রিকেট ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মডেলিং জগতে দুই দশকেরও বেশি সময় ধরে সমান তালেই কাজ করে যাচ্ছেন নোবেল। মডেলিংয়ের পাশাপাশি হাতেগোনা কিছু টিভি নাটকেও অভিনয় করেছেন। মডেলিং ও টিভি নাটকে নোবেল যেমন সফলতা দেখিয়েছেন, ঠিক তেমনই চাকরিজীবনেও একজন সফল মানুষ তিনি। তাঁর দাবি, ছোটবেলা থেকে যেটা হতে চেয়েছিলেন, সেটাই হয়েছেন।নোবেলের ক্রিকেটের প্রতি যে ভালোলাগা ও ভালোবাসা রয়েছে, সেটা অনেকেরই অজানা ছিল। এ বছরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠিত বিপিএল ক্রিকেট লিগ চলাকালীন ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের শুভেচ্ছাদূত ছিলেন তিনি। তারপর চার দেশের (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান) তারকাশিল্পীদের নিয়ে অনুষ্ঠেয় সেলিব্রিটি ক্রিকেট লিগের বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বেশ কয়েক মাস ধরে ২২ গজে ব্যাট-বল হাতে নিয়ে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে ক্রিকেটার নোবেল নতুন করে আলোচিত। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন আপাতত স্থগিত আছে। খুব শিগগির আবারও অনুশীলন শুরু হবে বলে জানান তিনি। এরই মধ্যে ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য মোটামুটি একটি দল চূড়ান্ত করা হয়েছে। ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট লিগের অধিনায়ক ও বাংলাদেশের মডেলিং জগতের অদ্বিতীয় এই মানুষের সঙ্গে কথা হচ্ছিল গত রোববার দুপুরে তাঁর কর্মস্থল গুলশানের পিংক সিটিতে এয়ারটেল কার্যালয়ে। এই প্রতিষ্ঠানের করপোরেট অ্যান্ড এসএমই সেলস সার্ভিসেসের প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি।কথা বলার শুরুতেই ক্রিকেটের প্রতি আগ্রহের কথা জানতে চাইলে নোবেল বলেন, ‘সে অনেক আগের কথা। আমি তখন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করি। তখনই ক্রিকেটের সঙ্গে সখ্য। সে সময় স্কুল ক্রিকেট লিগ শুরু হয়। সেখানেই বন্ধুদের সঙ্গে ক্রিকেটে জড়িত হওয়া। এতে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়। তবে ক্রিকেট খেলার প্রতি মায়ের নিষেধাজ্ঞা ছিল। তাই স্কুলে থাকা অবস্থায় মায়ের চোখ ফাঁকি দিয়ে খেলাধুলা করতে হতো। স্কুলের পর অবশ্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি হওয়ার পর ক্রিকেটের প্রতি ঝোঁক বেড়ে যায়। আমরা সবাই মিলে একটি দল গঠন করলাম। চট্টগ্রামের বিভিন্ন স্থানে ক্রিকেট ম্যাচ খেলা শুরু হলো। চট্টগ্রামের বাইরে প্রথম চাঁদপুরে ক্রিকেট খেলতে যাই। সেখানে খেলতে যাওয়ার অনুভূতি সত্যি অন্য রকম ছিল। এ ছাড়া আন্তকলেজ বিভিন্ন ম্যাচও খেলা হয়।’কলেজের পাট চুকিয়ে নোবেলকে চলে আসতে হয় ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হন। তবে ঢাকায় এসে ক্রিকেট খেলায় সরাসরি অংশ না নিলেও খেলা দেখার অভ্যাস তৈরি হয় নোবেলের। তিনি বলেন, ‘আমি ছিলাম আবাহনীর সমর্থক। আর আবাহনীর খেলা মানে আমাকে আর পায় কে! সে সময় আবাহনী দলে খেলতেন ফানার্দো, রডরিগো, মাসুম ভাই প্রমুখ। আমি তাঁদের খেলার ভীষণ ভক্ত ছিলাম। তবে আমার খেলাধুলার পুরোপুরি বিকাশ যদি বলি সেটা চাকরিজীবনে এসে। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করে একটি শিপিং প্রতিষ্ঠানে চাকরি শুরু করি। বছর দুয়েক সেখানে চাকরির পর কোটস বাংলাদেশ নামক একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কাজ শুরু করি। সেখানে আমি সাড়ে ১৪ বছর চাকরি করি। কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান মিলে প্রতিবছর কোনো না কোনো টুর্নামেন্ট খেলা হতো। এসব খেলায় আমার উপস্থিতি ছিল বেশ সরব। বলতে পারেন চাকরিজীবনে এসে জীবনের সব সাধ পূরণ করে ক্রিকেট খেলায় অংশ নিয়েছি। এখনো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত খেলেই যাচ্ছি।’নোবেল বলেন, ‘সবাই আমাকে মডেল হিসেবে জানলেও ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা, সেটা বিপিএল ও ভাসাবি ক্রিকেট লিগের মাধ্যমে জানতে পেরেছে। এই দলের ব্যাপারে একজনের আগ্রহের কথা না বললেই নয়; সে হচ্ছে আমাদের খুব কাছের ছোট ভাই মডেল ও অভিনেতা নিরব। সে-ই অনেক বেশি সিরিয়াস এই দলের ব্যাপারে। আবাহনী কর্তৃপক্ষকেও ধন্যবাদ। তারা আমাদের অনুশীলনের জন্য মাঠ দিয়ে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে।’গত কয়েক মাসে বাংলাদেশের তারকাশিল্পীদের সমন্বয়ে গঠিত ভাসাবি ক্রিকেট দল বেশ কয়েকটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নিয়েছে। সেখানে অনেক তারকা নিজেদের ক্রিকেটীয় প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছেন বলে জানান নোবেল। ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট দলটির খেলোয়াড়দের মধ্যে রয়েছেন: রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান, আসিফ, তাহসান, ইমন, নিরব, অপূর্ব, আরফিন রুমী, নিশো, আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, আরমান পারভেজ মুরাদ, শিমুল, এস ডি রুবেল, শুভ্র দেবসহ আরও অনেকে। কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ওসমান খান। আর দলের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন নাদের চৌধুরী।‘লাভ অব ক্রিকেট টি-টোয়েন্টি’ নামের এই ক্রিকেট প্রতিযোগিতা সম্পর্কে নোবেল বলেন, ‘ক্রিকেট কিন্তু খুব সহজ কোনো খেলা নয়। এর জন্য প্রয়োজন কঠোর অনুশীলন। আমাদের দেশের তারকারা কিন্তু এই কয়েক মাসের অনুশীলনে অনেক ভালো করেছে বলে মনে হয়। কিন্তু বলিউডের তারকারা অনেক দিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। পাকিস্তানের তারকারাও কম নন। এরই মধ্যে শ্রীলঙ্কার খেলোয়াড়দের ছাড়া অন্যদের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পেরেছি। তবে শুনেছি, শ্রীলঙ্কার তারকারাও ভালো ক্রিকেট খেলেন। আমরা নিজেদের সেভাবেই তৈরি করছি। এটা যে শুধু একটি ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, এর মধ্য দিয়ে সার্কভুক্ত এসব দেশের তারকাদের মধ্যে অন্য রকম একটি সেতুবন্ধন তৈরি হবে।’গুড লাক, নোবেল। আপনাদের ক্রিকেট দলের প্রতি রইল আমাদের সমর্থন।