নোবেলের বিপরীতে অভিনয় করলেন হাসিন
ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় হাসিনের বিচারকের ভূমিকায় ছিলেন নোবেল। এবার সেই বিচারক নোবেলের বিপরীতেই অভিনয় করলেন হাসিন। ভিট-চ্যানেল আই টপ মডেলের স্বীকৃতি পাওয়ার পর বিচারকের বিপরীতে অভিনয় করতে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন হাসিন। ‘আমাদের ছোট নদী’ নামের নাটকটি পরিচালনা করেছেন তাহের শিপন। রচনা করেছেন ফারুক হোসেন।হাসিন বলেন, ‘টপ মডেল হওয়ার পর ভেবেছি, আপাতত আমার কোনো স্বপ্ন নেই। সব স্বপ্নের প্রাপ্তি ঘটেছে। কারণ জীবনে এত বড় প্রাপ্তি আমার জন্য অপেক্ষা করছিল, সেটা ভাবিনি কখনো। টপ মডেলের ঘোর কাটতে না-কাটতে চ্যানেল আই কর্তৃপক্ষ আরেকটি অবাক করার মতো পুরস্কার দিয়েছে আমাকে। বিষয়টা আমার কাছে একেবারেই অবিশ্বাস্য। আমার সবচেয়ে প্রিয় মডেল নোবেল স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই ভালো লেগেছে। খবরটি পাওয়ার পর থেকে নার্ভাস থাকলেও শুটিং শুরুর পর সেটি দূর হয়ে গেছে।’হাসিন আরও বলেন, ‘সেই ছোটবেলা থেকেই নোবেল স্যার ছিলেন আমার স্বপ্নের মানুষ। ভিট-চ্যানেল আই টপ মডেলে অংশ নেওয়ার সুযোগে ওনার দেখা পাই। নোবেল স্যারসহ তিন বিচারকের দিক-নির্দেশনাগুলো মেনে নিজেকে উপস্থাপনের বিষয়গুলো আয়ত্ত করি। সেই নোবেল স্যারের সঙ্গে টিভি নাটকে করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’পরিচালক সূত্রে জানা গেছে, ‘আমাদের ছোট নদী’ নাটকটি ঈদের দিন বিকেল পাঁচটায় দেখানো হবে চ্যানেল আইয়ে।