নোভার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষ ফাগুনের মেলা—আফসানা মিমির নতুন ধারাবাহিকের জরুরি বৈঠক থেকে কিছুতেই উঠতে পারছিলেন না নোভা। ফেরদৌসী মজুমদার থেকে শুরু করে সব সিনিয়র-শ্রদ্ধাভাজন অভিনয়শিল্পী উপস্থিত—কী করে সেখানে কাজের দোহাই দেবেন? যেই না সভা শেষ হলো, অমনি দৌড়; চারুকলা যেতে যেতে দিনের আলো মিলিয়ে যাবে। আলোকচিত্রী কবির হোসেনের ক্যামেরা তাই ছুটল জিয়া উদ্যানের দিকে। প্রভা ছড়িয়ে নোভা ক্যামেরার সামনে ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ বাদে প্রশ্ন করি, এই যে এত ব্যস্ততা—উপভোগ করেন? ‘ভীষণ’ নোভার পরিমিত উত্তর। দুই বছর আগে ‘আনন্দ’-এর সঙ্গেই এক সাক্ষাত্কারে নোভা বলেছিলেন, অভিনয় ক্যারিয়ার নিয়ে আপাতত টার্গেট দর্শককে তাঁর নাম মুখস্থ করানো। স্মরণ করিয়ে দিতেই নোভা আভা ছড়িয়ে বলেন, ‘আমার তো মনে হয়, আমার উদ্দেশ্যে সফল হতে পেরেছি। গতকালই এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানে আমার এক স্কুলশিক্ষকের সঙ্গে দেখা। আমাকে দেখেই আমার শিক্ষক তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ‘মা, এই যে তোমার হাউজফুল-এর ‘‘কণি’’।’ ‘ভদ্রমহিলার বয়স ৮০-এর কাছাকাছি হবে। অথচ আমাকে দেখে তাঁর সে কী উচ্ছ্বাস! আমার মাথায় হাত বোলালেন। জিজ্ঞাসা করলেন, মিশু (নাটকের একটি চরিত্র) কেমন আছে? আমার স্বল্প সময়ের অভিনয়জীবনের এসব গল্পই তো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।’ স্বল্প অভিনয়জীবনের মধ্যে কোন কাজগুলো নোভার শোভা বাড়িয়েছে? ‘প্রথমেই বলব হাউজফুল-এর কথা। এর আগে আমার করা প্রেম ও ঘামের গল্প, নিষাদ, বৈশাখ থেকে শ্রাবণ-নাটকগুলো একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শকের কাছে পরিচিত করেছিল। কিন্তু হাউজফুল তরুণ শ্রেণী, এমনকি প্রবাসী বাঙালিদের কাছেও আমার নাম পৌঁছে দিয়েছে। ঘোড়ার ডিম নাটকটিও আমার অভিনয়জীবনে অন্যতম সংযোজন। শিমুলতলিতে কখনো রোদের মধ্যে, কখনো প্রচণ্ড শীতে, সাপ, শেয়াল-পরিবেষ্টিত পরিবেশে আমাদের শুটিং করতে হয়েছিল। পৌষ ফাগুনের মেলা ধারাবাহিকে কাজের সুযোগ পাওয়াটাও আমার জন্য বড় প্রাপ্তি। ভালোবাসা দিবসে নওশীন, ইমনের সঙ্গে ভাষা পেলো ভালোবাসা প্রচারিত হবে। এই নাটকটিও আমার দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।’অভিনয়ের পাশাপাশি অনেকেই এখন উপস্থাপনা করছেন। অনেক নির্মাতা নাখোশ হয়ে অভিযোগও করছেন, টাকার পেছনে ছুটে শিডিউল ফাঁসিয়ে অভিনয়শিল্পীরা এসব কাজ করছেন। নোভা নিজেও তো বেশ কটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। ‘এ প্রসঙ্গে শুরুতেই বলি, উপস্থাপনা করে কিন্তু খুব বেশি সম্মানী পাওয়া যায় না। আমি মাসে দু-এক দিন সময় বের করতে পারলেই কিন্তু এক মাসের উপস্থাপনার কাজ হয়ে যায়। যারা শিডিউল ফাঁসায়, তারা অন্য কাজ করলেও ফাঁসায়। না করলেও ফাঁসায়। আমার বিরুদ্ধে এ ধরনের বদনাম, কেউ করতে পারবে না।’ কিন্তু অনেকে তো এখন ইমেজ সংকটে ভোগেন। একসঙ্গে অভিনয়, মডেলিং, উপস্থাপনা, নাচ, গান সবকিছুই করতে চায়। ‘সে ক্ষেত্রে আমি বলব, যারা প্রতিভাবান, তারা সব কাজই করুক। কিন্তু নিজের তারকা ইমেজকে ব্যবহার করে না জেনেও গান করা, অল্প নাচ জেনে নাচ করা, কথা বলতে না পেরেও উপস্থাপনা করা—এসব কমিয়ে আনা তারকার নিজের জন্যই ভালো। কারণ, তা না হলে তার ভক্তরাই বিরক্ত হবে।’ছোটপর্দার অনেকেই এখন চলচ্চিত্রে কাজ করছে। আপনার কোনো ইচ্ছা নেই?‘আমার কেন জানি মনে হয়, আমাকে বড় পর্দায় ভালো লাগবে না। তবে ভণিতা না করেই বলি, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ধাঁচের মিষ্টি প্রেমের ছবি হলে হয়তো আমিও চলচ্চিত্রে কাজ করতে পারি। ছোটবেলায় কাজলের মতো সাদা ওড়না পরে দৌড়াতাম। তখন থেকে দিলওয়ালে... এবং কাজলের চরিত্রটি আমার স্বপ্নের ছবির স্বপ্নের চরিত্র।’