নোরার কাছে বাবা ‘জিনিয়াস’
বাবা পণ্ডিত রবিশঙ্করকে ‘জিনিয়াস’ বলেই মনে করেন মেয়ে নোরা জোনস; বললেন, ‘লাখ লাখ মানুষকে ছুঁয়েছিল তাঁর সংগীত। আমি তাঁকে মিস করব। বিশ্বের সংগীতপ্রেমীরাও করবে।’ যুক্তরাষ্ট্রের প্রযোজক সু জোনস আর পণ্ডিত রবিশঙ্করের প্রেমের ফসল নোরা জোনস। এত দিন বাবাকে নিয়ে তেমন কিছুই বলেননি তিনি। বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। এবার বাবার মৃত্যুর পর তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন এই শিল্পী।নোরা বললেন, ‘জ্যাজশিল্পী জন কোলট্রেন একসময় তাঁর কাছে শিখতে এসেছিলেন শুনে অভিভূত হয়েছিলাম আমি। জর্জ হ্যারিসনের সঙ্গে বাবার বন্ধুত্বের কথা শুনে বেশি ভালো লেগেছিল।’ ২০০২ সালে অ্যালবাম প্রকাশের পর ২০০৩ সালে পাঁচটি গ্র্যামি জয় করে আলোচনায় এসেছিলেন নোরা। ওই সময় মঞ্চে পুরস্কার নিয়ে বাবাকে আলাদা করে ধন্যবাদ জানাননি তিনি। এ নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল। পরে অপরাহ্ উইনফ্রেকে নোরা বলেছিলেন, ‘আমি ধন্যবাদ জানিয়েছি সবাইকে—আমার মা এবং পুরো পরিবারকেই। বাবা এর মধ্যেই পড়েন। আমার মনে হয়, তাঁকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কারণ, আমার গানে তিনি সাহায্য করেননি।’ পিটিআই ও রোলিংস্টোন।