নৌকার মাঝি ফারিয়া
‘আমাকে এবার নৌকাও চালাতে হয়েছে। তাও আবার বিয়ের কারণে। নৌকা চালাতে পারলেই বিয়ে হবে। আর ভালোভাবে যদি নৌকা চালাতে না পারি, তাহলে বিয়ে হবে না। তাই অনেক কষ্টে নৌকা চালিয়ে দেখাতে হলো বরপক্ষের লোকজনকে। আমার জন্য বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল এটি।’ বলছিলেন লাক্স-তারকা ফারিয়া। ঈদের জন্য নির্মিত একটি নাটকে এ রকমই একটি দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে ফারিয়াকে। শাহরিয়ার নাজিম জয়ের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘জাতে মাতাল তালে ঠিক’।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘জীবনে নৌকা চালানো তো দূরের কথা, কখনো নদীতেই নামা হয়নি আমার। নাটকটিতে অভিনয় আমার জীবনে একেবারে অন্য রকম একটি অভিজ্ঞতা। নৌকা চালাতে গিয়ে হাত তো ব্যথা হয়েছিল। পাশাপাশি পুরো শরীরও ব্যথা হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত যখন দৃশ্যটি ওকে হয়, তখনই কষ্ট করাটা সার্থক হয়। তা ছাড়া নাটকটিতে দর্শকেরা আমাকে একেবারে অন্য রকম একটা গেটআপে দেখতে পাবে বলে মনে করি। নাটকটিতে কাজ করতে গিয়ে আমি অভিনয়ের অনেক কিছুই শিখেছি।’এবারের ঈদের নাটকটি ছাড়াও ফারিয়া একটি আলভী আহমেদের একটি ধারবাহিকের কাজ শুরু করেছেন। নাটকটি ঈদের পরপরই আরটিভিতে প্রচারিত হবে। এ ছাড়া ঈদের পর নতুন একটি বিজ্ঞাপনেও দেখা যাবে তাঁকে।