ন্যাটোর বিমান হামলায় আফগান অভিনেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর বিমান হামলা কেড়ে নিল প্রখ্যাত আফগান অভিনেতা নজর মোহাম্মদ মজনুনিয়ার হেলমান্দির জীবন।অসুস্থ বোনের খোঁজ নিতে খোস্কাবি এলাকায় গিয়েছিলেন নজর। সেখানেই সশস্ত্র বিদ্রোহীদের হাতে বন্দী হন তিনি। সম্প্রতি দক্ষিণ আফগানিস্তানে ন্যাটো বিমান হামলা চালালে নজরের সঙ্গে তিনজন বিদ্রোহীও নিহত হন। এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ছবিতে অভিনয় করেছেন নজর। মাদক পাচার, জঙ্গিবাদের মতো বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিতেও দেখা গেছে তাঁকে। তিনি হেলমান্দ প্রাদেশিক সরকারের পক্ষ হয়ে গোয়েন্দাগিরি করছিলেন—এমন সন্দেহে বিদ্রোহীরা ধরে নিয়ে যায় তাঁকে। একটি আফগান নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এমনটিই জানিয়েছেন নজরের ভাই দেলোয়ার। দেলোয়ার আরও জানিয়েছেন, নজরকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছিলেন বিদ্রোহীরা। ঠিক সেসময় বিমান হামলা চালায় ন্যাটো। এতে নজরের পাশাপাশি তিনজন বিদ্রোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন দেলোয়ার। এদিকে, পুলিশ হেড-কোয়ার্টারের পক্ষ থেকে বিমান হামলার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, এই হামলায় স্থানীয় বিদ্রোহী কমান্ডার মোহাম্মদ আলমও নিহত হয়েছেন।