ন্যান্সি-কনার ফোনালাপ

‘হ্যালো, ন্যান্সি। প্রথম আলো অনলাইন পড়লাম। ধন্যবাদ আমাকে নিয়ে এত চমত্কার মন্তব্য করার জন্য। আমি সত্যিই সম্মানিতবোধ করেছি। ভালো থেকো প্রিয়। তোমার বাচ্চাদের জন্য রইল অনেক আদর ও ভালোবাসা।’
গতকাল সোমবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত ‘কনাকে নিয়ে যা বললেন ন্যান্সি’ খবরটি পড়ে মুঠোফোন-বার্তার মাধ্যমে এভাবে ন্যান্সিকে ধন্যবাদ ও তাঁর বাচ্চাদের প্রতি শুভকামনা জানান কনা।
ন্যান্সি ও কনা দুজনই সংগীত জগতের বাসিন্দা। একই জগতের হলেও তাঁদের মধ্যে খুব কম দেখা-সাক্ষাত্ ও কথা হয়। গতকাল প্রথম আলো অনলাইনে ‘কনাকে নিয়ে যা বললেন ন্যান্সি’ শিরোনামের একটি খবর প্রকাশিত হয়।
এতে কনার অনেক প্রশংসা করেন ন্যান্সি। খবরটি পড়ে এসএমএস পাঠিয়ে ন্যান্সিকে ধন্যবাদ জানান কনা। পরে ফোনেও কুশলবিনিময় করেন তাঁরা। এই মুহূর্তে ন্যান্সি নেত্রকোনায় অবস্থান করছেন। কাল বুধবার ঢাকায় ফিরবেন। জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘গতকাল সোমবার রাতে আমার মোবাইলে কনার একটি এসএমএস পাই। তখন আমি পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। খাবার শেষ করেই আমি কনাকে সরাসরি ফোন করি। কনা আমার ফোনটি কেটে দেয়। একটু পর কনা আবার ফোন করে। তখন তার সঙ্গে প্রকাশিত সংবাদটি নিয়ে কিছু কথাবার্তা হয়। এরপর সে আমার পরিবারের সবার খোঁজ-খবর নেয়।’
কনা বলেন, ‘ন্যান্সির মুখে এমন প্রশংসা শুনে আমি সত্যিই অবাক হয়েছি। অনেক ভালোও লেগেছে। ন্যান্সির গান আমার ভালো লাগে। কণ্ঠশিল্পী হিসেবে সে এক শতে এক শ পাওয়ার যোগ্যতা রাখে।’
ন্যান্সি এখন তাঁর নতুন একক অ্যালবাম নিয়ে ব্যস্ত। পাশাপাশি চলছে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার কাজও। অন্যদিকে কনাও শিগগির তাঁর নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। ব্যস্ত সময় চলছে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দেওয়া ও চলচ্চিত্রের গান নিয়ে।