ন্যান্সি-তুহিন সঙ্গে হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো সংগীতে জাতীয় পুরস্কার পেয়েছেন তাঁরা তিনজন। শফিক তুহিন-ন্যান্সির সঙ্গে ‘আনন্দ’-এর আলোচনায় ঘুরে-ফিরে এলেন হাবিবন্যান্সি ও শফিক তুহিন—দুজনেই মোহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রজাপতি চলচ্চিত্রের গানের জন্য সেরা কণ্ঠশিল্পী ও সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শফিক তুহিন ‘ছোট ছোট আশা’ গানটির গীতিকার আর ন্যান্সি কণ্ঠ দিয়েছেন ‘দুই দিকে বসবাস’ গানটিতে। শফিক তুহিনের কাছে গানটি লেখার পেছনের গল্প জানতে চাইলে বলেন, ‘প্রজাপতি ছবির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ছবিটির দৃশ্যের বর্ণনা করে বললেন, একটা গান লিখে দিতে হবে। দুপুরে কথাটি শোনার পর সন্ধ্যায় গানটি লিখে পাঠিয়ে দিই। এরপর গানটি হাবিবকে পাঠানো হয়। শুনেছিলাম, পরিচালকের চাহিদা ছিল, গানটি হাবিবই গাইবে। ১৫ দিন পর হাবিবই আমাকে ফোন দেয়। সুরটা শোনায়। আমাকে বলে, গানটি বিশ্বজিৎদা গাইলেই সবচেয়ে ভালো হবে। আমিও একমত হলাম। হাবিব এমন একজন সংগীত পরিচালক, যাঁর কণ্ঠে যে গানটা সুন্দরভাবে মানাবে, তাঁকে দিয়েই গানটা গাওয়ায়। হাবিবের সুর ও সংগীতে এই গানে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন।’তুহিনের কথার সঙ্গে একমত ন্যান্সিও, ‘“প্রজাপতি” গানটি নাকি পরিচালক আমাকে দিয়ে গাওয়ানোর কথা বলেছিলেন। কিন্তু হাবিব ভাই গানটি কনাকে দিয়ে করান। হাবিব ভাই জানেন, কার কণ্ঠে কোন গানটি বেশি মানাবে। আর এটাই একজন সংগীত পরিচালকের সবচেয়ে বড় কৃতিত্ব বলে আমি মনে করি।’প্রজাপতি ছবির ‘দুই দিকে বসবাস’ গানটির পেছনের গল্প নিয়ে ন্যান্সি বলেন, ‘তখন আমি সাভারে থাকতাম। এক রাতে গানটি করার জন্য হাবিব ভাইয়ের স্টুডিওতে যাই। তিনি গানটি শোনালেন। একরকম দুঃখই হলো। হাবিব ভাইকে অভিযোগের সুরে বললাম, কেন দুই দিকে টানাটানি টাইপের গানগুলো আমাকে গাইতে দেন? হাবিব ভাই আমাকে বললেন, “আগে ভালো করে অনুভব করো। তারপর গানটা গাওয়ার চেষ্টা করো।” উল্টো বললাম, আমি এখন রোমান্টিক ভাব নিয়ে আছি, দুঃখ ভাব কোনোভাবেই আসবে না। তিনি পাল্টা বলেন, “না, তোমাকে দুঃখ ভাবটা আনতে হবে।” তারপর আধা ঘণ্টা আমাকে স্টুডিওতে বসিয়ে রেখে হাবিব ভাই চলে যান। গানটি অর্ধেক গাইলাম। কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না। হাবিব ভাইকে অনুরোধ করলাম, বাদ দেন। আমাকে দিয়ে হবে না। হাবিব ভাইও অনড়। আমাকে দিয়েই গানটি করাবেন। এরপর আবারও হাবিব ভাই স্টুডিও থেকে বের হয়ে যান। তাঁর প্রত্যাশার চাপ এবং নিজের গাইতে না পারার কষ্টে আমি একপর্যায়ে কেঁদে ফেলি। দেড় ঘণ্টা পর হাবিব ভাই এসে আবার গানটি গাওয়ার জন্য তাড়া দিলেন। গাইলাম। আসার সময় হাবিব ভাইকে অনুরোধ করলাম, ভাই, গানটি যদি আপনার ভালো না লাগে, দয়া করে অন্য কাউকে দিয়ে গাওয়ান। আমি কিছুই মনে করব না। এরপর হাবিব ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে বেশ কিছুদিন পর প্রজাপতি ছবির অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের দাওয়াতে দেখা। অনুষ্ঠানে সবার গান বাজানো হলেও আমার গানটি একবারও বাজানো হয়নি। বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। পরে অ্যালবামটি হাতে নিয়ে দেখলাম, আমার গানটি শেষের দিকে রাখা হয়েছে। বাসায় গিয়ে গানটি শোনার পর আমি মুগ্ধ হয়েছি।’‘দুই দিকে বসবাস’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি হিসেবে ন্যান্সি বলেন, ‘গানটি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেবে, তা ভাবিনি। এর পুরো কৃতিত্ব হাবিব ভাইকে দিতে চাই।’এদিকে এখন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তুহিন। ন্যান্সিও চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত। মুঠোফোনে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে হাবিব বলেন, ‘অনেক ভালো লেগেছে। আরও ভালো লেগেছে একই ছবিতে আমার সংগীতে গান গেয়ে বিশ্বদা, তুহিন ভাই ও ন্যান্সি পুরস্কার পাওয়ায়।’