ন্যান্সি-সানীর ‘ভালোবাসার স্বপ্ন’
এবারই প্রথম কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মাহমুদ সানী ও ন্যান্সি। এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া মাহমুদ সানীর দ্বিতীয় একক অ্যালবামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় এ দুই শিল্পী।সম্প্রতি মাহমুদ সানীর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় ‘ভালোবাসার স্বপ্ন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর-সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে মাহমুদ সানী বলেন, ‘ঈদুল ফিতরে আমার দ্বিতীয় একক অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে। সেটিরই জন্য গানটি করেছি।’সানী আরও বলেন, অ্যালবামটিতে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে ছয়টি দ্বৈত কণ্ঠের, বাকিগুলো আমার একক কণ্ঠের। এ ছাড়া দুটি হিন্দি গান রাখারও চেষ্টা করছি।’ন্যান্সির সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গান করা প্রসঙ্গে মাহমুদ সানী বলেন, ‘ব্যক্তিগতভাবে ন্যান্সির কণ্ঠ আমার অনেক পছন্দের। ইচ্ছা ছিল ন্যান্সির সঙ্গে গান করার। অনেকটা সেই ইচ্ছা থেকেই দ্বৈত গানটি করা। আমার মনের মতো করে গানটি গেয়েছে ন্যান্সি।’ন্যান্সি বলেন, ‘সম্প্রতি আমি বেশ কয়েকটি দ্বৈত গানে কণ্ঠ দিলাম। তাঁর মধ্যে মাহমুদ সানী ভাইয়ের ভালোবাসার স্বপ্ন শিরোনামের গানটিও রয়েছে। রোমান্টিক ধাঁচের এই গানটি একটু অন্য রকম মনে হয়েছে।’জানা গেছে, ন্যান্সি ও মাহমুদ সানীর দ্বৈত এই গানটি খুব শিগগিরই বিভিন্ন এফএম রেডিওতে শোনা যাবে। এ ছাড়া বিভিন্ন মনোরম লোকেশনে এ গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনাও রয়েছে সানীর।উল্লেখ্য, দুই বছর আগে মাহমুদ সানীর প্রথম একক অ্যালবাম একক অ্যালবাম ‘না বলা কথা’ প্রকাশ পেয়েছিল। গত বছর ঈদুল ফিতরে বিভিন্ন শিল্পীকে নিয়ে প্রকাশিত হয়েছিল মিশ্র অ্যালবাম ‘হূদয়ের গল্প’। এদিকে এ বছরের পয়লা বৈশাখে প্রকাশিত হয়েছে ন্যান্সির সর্বশেষ একক অ্যালবাম ‘রং’।