ন্যান্সির অপেক্ষা
সংগীতশিল্পীর বাসায় এসেছি, তাও আবার সকালবেলা। নিশ্চয়ই রেওয়াজ করছিলেন? ন্যান্সি বললেন, ‘প্রতিদিন একই সময় রেওয়াজ করা সম্ভব হয় না। তবে দিনের কোনো একটা সময় ঠিকই হারমোনিয়ামের সামনে বসি। নিজে নিজেই রেওয়াজ করি।’ শিক্ষকের তত্ত্বাবধান ছাড়া একা একা এগোনো সম্ভব? ‘ঢাকায় আসার পর সংগীতের তেমন কোনো শিক্ষক পাচ্ছি না। কারণ এখানে বেশির ভাগ শিক্ষকের শেখানোর পদ্ধতিটা আমার পছন্দ হচ্ছে না। আর সবাইকে দেখছি, ব্যাচ করে শেখান। এভাবে তো হয় না। যে দু-একজনকে আমি পছন্দ করি, তাঁরা আবার শেখান না। এই নিয়ে একটু সংকটেই আছি।’ ঝালমুড়ি ছবির ‘শিশির ভেজা রাত’ গানটিতে কলকাতার শিল্পী নচিকেতার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। ছবির অডিও অ্যালবামটি এখনো বাজারে আসেনি। তবে এফএম রেডিওগুলোতে গানটি প্রচার হওয়ার ফলে পেয়ে যান বিপুল দর্শকশ্রোতার ভোট। তাতেই হাতে আসে ‘মেরিল-প্রথম আলো ২০১০’-এ প্রিয় কণ্ঠশিল্পী (নারী) পুরস্কার। ‘পুরস্কার পাব, কখনোই ভাবিনি। আর পাওয়ার পর আমি নিজেই অবাক হয়েছি। পাঠকেরা আমাকে এতটা ভালোবাসেন, আমার গান তাঁদের এত পছন্দ—আমি মুগ্ধ হয়েছি। আর তাতেই এত ভোট!’ ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ন্যান্সি।শনিবার সকাল। উত্তরার ৪ নম্বর সেক্টর। ন্যান্সির বাসায় বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। ন্যান্সির প্রথম গান ‘পৃথিবীর যত সুখ’। আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৬) ছবির এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। তখন ন্যান্সি ছিলেন সাভারে, শ্বশুরবাড়িতে। এরপর এই পাঁচ বছরে ন্যান্সির ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। ব্যস্ততার কারণে সাভার থেকে ঢাকায় চলে এসেছেন সাত মাস আগে। ন্যান্সির ভাষায়, ‘খুব সমস্যা হচ্ছিল। ঢাকায় প্রতি সপ্তাহে কয়েকবার আসতে হতো স্টেজ শো কিংবা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য। প্রতিদিনই ফিরতে রাত হয়ে যেত। সৌরভের (স্বামী) ব্যবসা তো সাভারে। তবু ঢাকায় আসতেই হলো।’ন্যান্সির বেশির ভাগ গানের সুরকার ও সংগীত পরিচালক হাবিব। তাহলে ন্যান্সি শুধু হাবিবের সুরেই গান করবেন? ‘তা কেন হবে!’ ন্যান্সি বললেন, ‘আমি কিন্তু আরও কয়েকজনের সুরে গান করেছি। কোনো গানই সে রকম জনপ্রিয়তা পায়নি। এটা আমার দোষ? শ্রোতারাই হাবিব-ন্যান্সি জুটি তৈরি করেছেন। তবে এবার যে গানটার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছি, ওটার সুর করেছেন জে কে।’জনপ্রিয়তা ও ব্যস্ততা দুই-ই বেড়েছে। কিন্তু ন্যান্সি তা কতটা অনুভব করছেন? ন্যান্সি বললেন, ‘একেবারেই না, আমি যেমন ছিলাম, তেমনই আছি। সাভার থেকে ঢাকায় এসেছি, এতটুকুই। আমি পাশ দিয়ে হেঁটে গেলে এখনো অনেকেই আমাকে চেনেন না। হঠাৎ শুনি পাশ থেকে কেউ বলছেন, মেয়েটা দেখতে একেবারে ন্যান্সির মতো।... সাভারে তো আমি এলাকার বউ আর নেত্রকোনায় ছোট থেকে বড় হয়েছি। ওসব জায়গায় সবাই আমাকে আগে যেমন দেখেছেন, এখনো সেভাবেই দেখছেন।’ন্যান্সির যেকোনো কাজ খুব বেশি উপভোগ করে তাঁর মেয়ে রোদেলা। ওর বয়স এখন চার। পড়াশোনা করছে নেত্রকোনায়, থাকছে নানির কাছে। ন্যান্সি বললেন, ‘পত্রিকায় আমার ছবি দেখলে, টিভিতে দেখলে কিংবা বিজ্ঞাপনে আমার কণ্ঠ শুনলে ও ছুটে আসে। পত্রিকা তো কাউকে ধরতেই দেয় না। ও এখন প্লে গ্রুপে পড়ছে। আগামী বছরই ঢাকায় এনে ভর্তি করাব। প্রতি মাসে নেত্রকোনায় গিয়ে ওর সঙ্গে কিছুদিন থেকে আসি। ছুটির সময় মা ওকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় যেহেতু পুরোটা সময় বাসায় থাকতে পারছি না, তাই বাধ্য হয়ে ওকে নেত্রকোনায় রেখেছি।’নিজের প্রথম একক ভালোবাসা অপরাধ (২০০৯) ন্যান্সির মতে একটি অসম্পূর্ণ অ্যালবাম। মাত্র দুই মাসে তাড়াহুড়ো করে পুরো অ্যালবামের কাজ করতে হয়েছে তাঁকে। কারণ, প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা তা পয়লা বৈশাখেই বের করবে।এবার আর সেই বোকামি করছেন না। জানালেন, তাঁর দ্বিতীয় একক অ্যালবামের পুরো কাজ করছেন হাবিব। ইচ্ছা ছিল, এবার ঈদেই বাজারে আনবেন; কিন্তু হাবিব হঠাৎ যুক্তরাষ্ট্রে যাওয়ায় তা সম্ভব হবে না। এ নিয়ে কষ্ট নেই ন্যান্সির মনে। বললেন, ‘কোনো তাড়াহুড়ো নেই। আমার এই অ্যালবামটির জন্য হাবিব ভাইয়া নানা পরিকল্পনা করেছেন। এটি আমার স্বপ্নের অ্যালবাম। আর স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা তো করতেই হবে।’