ন্যান্সির অ্যালবাম প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সংগীতশিল্পী ন্যান্সির অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে সংগীতা কর্তৃপক্ষ। গত ২৯ আগস্ট সংগীতশিল্পী ন্যান্সির অনুমতি ছাড়াই সংগীতা কর্তৃপক্ষ একটি একক অ্যালবাম বাজারে ছেড়ে দেয়। বিষয়টি শিল্পীর নজরে এলে তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। সংগীতা কর্তৃপক্ষের এ ধরনের আচরণে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এ নিয়ে প্রথম আলো অনলাইন সংস্করণে ৩০ আগস্ট ‘সংগীতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ন্যান্সির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে সংগীতজগতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে সেদিনই সন্ধ্যার পর বাজার থেকে তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সংগীতার কর্ণধার সেলিম খান বলেন, ‘আমরা মনে করেছি এবার ঈদে বাজারে তাঁর একটি একক অ্যালবাম থাকা উচিত। সেই দিকটি বিবেচনা করে আমরা অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু আমাদের কয়েকটি মিশ্র অ্যালবামের জন্য গানগুলো প্রস্তুত ছিল, তাই সেগুলো নিয়ে একটি একক অ্যালবাম তৈরি করেছি। এ ক্ষেত্রে ন্যান্সির কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি। পরে যখন শিল্পী আপত্তি জানালেন তখনই অ্যালবামটি বাজার থেকে তুলে নিই। প্রাথমিকভাবে আমার পাঁচ হাজার কপি অ্যালবাম বাজারে ছেড়েছিলাম। পরে দেশের সব দোকানমালিককে অনুরোধ করি অ্যালবামগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য।’ন্যান্সি বলেন, ‘প্রথম আলো অনলাইনে ৩০ আগস্ট সংবাদটি প্রকাশের পরই সংগীতা কর্তৃপক্ষ মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানায় তারা এখন (মঙ্গলবার) থেকে অ্যালবামটি আর বাজারজাত করবে না। অনুমতি ছাড়া অ্যালবাম প্রকাশের বিষয়টি আসলেই দুঃখজনক। আশা করব, এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না।’ ন্যান্সির প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা (২০০৯)। এরপর তাঁর আর কোনো একক অ্যালবাম বাজারে আসেনি। ন্যান্সি বলেন, ‘এখন তাঁর দ্বিতীয় একক অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করছেন হাবিব ওয়াহিদ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে অ্যালবামটি। আর এটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।’