ন্যান্সির অ্যালবাম প্রত্যাহার
সংগীতশিল্পী ন্যান্সির একক অ্যালবাম আমার প্রিয়তম বাজার থেকে প্রত্যাহার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। অ্যালবামটি আর বাজারজাত না করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো অনুমতি ছাড়াই গত ২৯ আগস্ট ন্যান্সির একটি একক অ্যালবাম বাজারে ছাড়া হয়। ৩০ আগস্ট প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘সংগীতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ন্যান্সির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিন সন্ধ্যায় অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহার এবং বাজারজাত বন্ধ করার সিদ্ধান্ত নেয় সংগীতা কর্তৃপক্ষ। গতকাল রোববার সংগীতার কর্ণধার সেলিম খান বলেন, ‘আমাদের কয়েকটি মিশ্র অ্যালবামের জন্য ন্যান্সির গানগুলো প্রস্তুত ছিল। সেগুলো নিয়ে আমার প্রিয়তম অ্যালবামটি তৈরি করেছি। এ ক্ষেত্রে ন্যান্সির কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি। পরে শিল্পীর আপত্তির কারণে অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহার করেছি। অ্যালবামটির পাঁচ হাজার কপি বাজারে ছেড়েছিলাম। পরে দেশের সব দোকান-মালিককে সেগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছি।’ন্যান্সি বলেন, ‘প্রথম আলোর অনলাইন সংস্করণে সংবাদটি প্রকাশের পরই সংগীতা কর্তৃপক্ষ মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহারের কথা জানায়। অনুমতি ছাড়া অ্যালবাম প্রকাশের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।’ন্যান্সির প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা (২০০৯)। এরপর তাঁর আর কোনো একক অ্যালবাম বাজারে আসেনি। ন্যান্সি জানান, এখন তাঁর দ্বিতীয় একক অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করছেন হাবিব ওয়াহিদ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে অ্যালবামটি। আর এটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।