ন্যান্সির অ্যালবাম প্রত্যাহারের নামে প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যান্সির কোনো অনুমতি ছাড়া প্রকাশিত আমার প্রিয়তম অ্যালবামটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বাস্তব চিত্রটি একেবারে উল্টো। অ্যালবামটি প্রকাশ করেছে সংগীতা। গত রোববার এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান মুঠোফোনে জানান, তাঁরা অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছেন। যেসব দোকানে এখনো অ্যালবামটির কপি আছে, সেগুলো বিক্রি না করে সংগীতায় ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেছেন। কিন্তু গত সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি, ফার্মগেট ও নিউমার্কেটের কয়েকটি অডিও সিডি, ভিসিডি ও ডিভিডি বিক্রির দোকানের মালিক ও কর্মচারীদের কাছ থেকে জানা গেছে, তাঁরা ফেরত দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না। তাঁদের সংগীতা বা ডিলারদের কেউ এ ধরনের অনুরোধ করেনি। অ্যালবামটির চাহিদা থাকার কারণে আরও কিছু কপি সংগীতা থেকে সরবরাহ করার জন্য বলা হয়েছে। এর আগে সেলিম খান দাবি করেন, তিনি ন্যান্সির অ্যালবামটির পাঁচ হাজার কপি বাজারে ছেড়েছেন। দোকানমালিকদের মতে, শুধু বসুন্ধরা সিটির দোকানগুলোতেই ঈদের আগে অ্যালবামটির এর চেয়ে বেশি সংখ্যক সিডি বিক্রি হয়েছে। এদিকে সোমবার ন্যান্সি অভিযোগ করেন, প্রথম আলোতে খবর প্রকাশের পর সংগীতা থেকে পরিচিতজনদের মাধ্যমে সমঝোতা করার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে সংগীতা তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছে। অপরদিকে ন্যান্সি চার লাখ টাকা এবং সংগীতার কাছ থেকে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশের একটি চিঠি দাবি করেন। তবে এ ব্যাপারে সংগীতার কর্তৃপক্ষ ন্যান্সিকে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে সংগীতার কর্ণধার সেলিম খান বলেন, ‘অ্যালবাম প্রত্যাহারের বিষয়টি আমরা শুধু ডিলারদের বলেছি। অ্যালবামটির নতুন আর কোনো কপি করা হচ্ছে না। বিষয়টি সমাধান করার জন্য আমরা ন্যান্সির ভাইয়ের সঙ্গে কথা বলেছি।’ এ বিষয়টি নিয়ে আর কোনো লেখালেখি না করার জন্য তিনি অনুরোধ করেন। কোনো অনুমতি ছাড়াই ২৯ আগস্ট ন্যান্সির একক অ্যালবাম আমার প্রিয়তম বাজারে ছাড়া হয়। ৩০ আগস্ট প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘সংগীতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ন্যান্সির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিন সন্ধ্যায় অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহার এবং বাজারজাত বন্ধ করার ঘোষণা দেয় সংগীতা কর্তৃপক্ষ।