ন্যান্সির ইচ্ছে-পূরণ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির নিজ হাতে পুরস্কার গ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর হাত থেকে নিজেই জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন তিনি।প্রথম আলো ডটকমকে ন্যান্সি জানিয়েছেন, ‘বেশ কয়েক মাস আগেই বাহরাইনের একটি শোর কাজ নেওয়া ছিল। আর সে অনুষ্ঠানের তারিখটিও ছিল ১৩ মার্চ। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দিনটাও ঠিক হয় ১৩ মার্চ। নিজে উপস্থিত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আমার অবর্তমানে অন্য কাউকে দিয়ে পুরস্কার গ্রহণ করানো যায় কি না, তা নিয়ে আলাপ করেছিলাম। এরই মধ্যে জানতে পারলাম, আমার বাহরাইনের শোটির সময় পিছিয়েছে। এ মাসের শেষ দিকে অনুষ্ঠানটি হওয়ার কথা। কাজেই নিজ হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের সুযোগটাও মিলে গেল। আমি খুবই আনন্দিত।’মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে কণ্ঠ দিয়ে ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পান ন্যান্সি। একই ছবির জন্য কুমার বিশ্বজিত্, হাবিব ও শফিক তুহিনও পুরস্কার পেয়েছেন।