ন্যান্সির ঢাকা টু নেত্রকোনা
মাস তিনেক আগে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সংসারজীবনের ইতি টানার পর ছেড়েছেন ঢাকার উত্তরার ভাড়া বাড়িটিও। চলে গেছেন নেত্রকোনায়, বাবার বাড়িতে। সেখানে একমাত্র মেয়ে রোদেলার জন্য তৈরি করেছেন নিজের পছন্দমতো বাড়ি। তাহলে কি গানই ছেড়ে দিয়েছেন ন্যান্সি! এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে ন্যান্সি কী বলেন?মুঠোফোনে ন্যান্সির সঙ্গে গতকাল সোমবার বিকেলে যখন কথা হয়, তখনো তিনি নেত্রকোনায়। বললেন, ‘এখন আমাকে প্রতিনিয়ত ঢাকা থেকে নেত্রকোনায় আসা-যাওয়া করতে হচ্ছে।’ বেশির ভাগ সময় সকালে নেত্রকোনা থেকে গাড়ি ভাড়া করে ঢাকায় আসেন তিনি। স্টুডিও রেকর্ডিং অথবা শো শেষ করে ফের মধ্যরাতে একই গাড়িতে চেপে ফিরে যান নেত্রকোনায়।এত লম্বা ভ্রমণ, ক্লান্ত লাগে না? এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ‘একটু ক্লান্ত তো লাগেই। তবে কাজ করতে হলে ক্লান্তির কথা ভাবলে চলে না। আমার তো মনে হয় ঢাকার উত্তরা থেকে ধানমন্ডি-মগবাজার স্টুডিওতে যেতে যতটা সময় লাগে, নেত্রকোনা থেকে আমি যে সময়ে ঢাকায় আসি কিংবা যাই, ঠিক ততটাই সময় লাগে। আসলে বলতে পারেন বেশ কয়েক মাসের ভ্রমণে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। তবে এটা ঠিক যে এখন আর হুটহাট রেকর্ডিং কিংবা শোর প্রস্তাব পেলে কাজ করা হয় না। আবার এখন কেউই আমাকে হুট করে ডাকেন না। কারণ, সবাই জানেন আমি নেত্রকোনা থেকে আসব। তাই মঞ্চের অনুষ্ঠান, রেকর্ডিং ও অ্যালবামের কাজ একসঙ্গে হলেই তারপর ঢাকায় আসি। একসঙ্গে অনেক কাজ নিয়ে ঢাকায় এলেও ভালোভাবেই কাজগুলো করতে পারি।’ন্যান্সি বলেন, এই তো গত সপ্তাহেও আমি একসঙ্গে কয়েকটি কাজ নিয়ে ঢাকায় এসেছিলাম। একই দিনে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠান, চলচ্চিত্রের গানের রেকর্ডিং এবং নতুন অ্যালবামের ব্যাপারে আলাপ-আলোচনা করে গেছি।’তিনি বলেন, ‘তার ঠিক আগের সপ্তাহে, শুক্রবার দুপুরে ঢাকায় এসে কিছুক্ষণ বিশ্রামের পর মগবাজারে অদিতের রেকর্ডিং স্টুডিওতে “দেহরক্ষী” ছবির গানে কণ্ঠ দিলাম। একই দিন সন্ধ্যায় একটি পাঁচতারা হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গান করলাম। রাতে শো শেষ করে আবার নেত্রকোনায় ফিরে গেছি। এই তো জীবন...।’তার মানে কণ্ঠশিল্পী ন্যান্সির আর ঢাকায় স্থির হওয়ার সম্ভাবনা নেই? জবাবে ন্যান্সি বলেন, ‘সময়ের ওপর কারও হাত নেই। হয়তো হতেও পারে; আবার এভাবেও চলে যেতে পারে। আপাতত কিছুই বলা যাচ্ছে না।’গত কয়েক বছরের ঈদের সরাসরি গানের অনুষ্ঠান মানেই ছিল ন্যান্সির সরব উপস্থিতি। কিন্তু এবারের ঈদে সেই অর্থে কোনো চ্যানেলে আপনাকে খুঁজে পাওয়া যায়নি। এটা কি আপনার ঢাকা ছাড়ার কারণে? ন্যান্সি বলেন, ‘ঈদের কয়েক দিন আগে নতুন বাড়িতে উঠেছি। ফলে টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠানের জন্য সময় বের করতে পারিনি। তবে আমার কাছে বেশ কয়েকটি চ্যানেল থেকে গান করার প্রস্তাব কিন্তু এবারের ঈদেও ছিল।’ তিনি আরও বলেন, ‘এবারের ঈদে টেলিভিশনে আমার সরাসরি গানের অনুষ্ঠান না থাকলেও দর্শকেরা কিন্তু আমার নতুন গান ঠিকই পেয়েছেন। এই দুটি অ্যালবামের জন্য আমি অনেকের কাছ থেকে প্রশংসাও পেয়েছি বেশ। হাবিব ভাইয়ের চলচ্চিত্রের গানের অ্যালবাম “তুমি সন্ধ্যার মেঘমালা”, আর প্রিন্স মাহমুদের “অপরাজিতা”।’ তিনি বলেন, ‘প্রিন্স মাহমুদ ভাইয়ের অপরাজিতা অ্যালবামের ভুবন ডাঙার হাসি গানটির জন্য অনেকেই বেশ প্রশংসা করেছেন। এ গানটিতে আমার সহশিল্পী ছিলেন তপু। তাঁর সঙ্গে এটি আমার প্রথম গান করা।’কথা প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘যাঁরা ভেবেছেন আমি গান ছেড়ে দিয়েছি, তাঁদের জন্য একটি সুখবর দিতে চাই। খুব শিগগির আমি কাজ শুরু করছি নতুন একটি একক অ্যালবামের। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার কথাবার্তাও হয়েছে। আগামী সপ্তাহে এটি চূড়ান্ত হবে। তবে এবারের অ্যালবামে নতুন অনেকের সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।’এদিকে দেশের বাইরের কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারেও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ চলছে বলে জানিয়েছেন ন্যান্সি। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কয়েক দিনের জন্য দেশের বাইরে গান করতে যাবেন তিনি।