ন্যান্সির 'দুষ্টু ছেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

‘ভালোবাসা অধরা’ ও ‘রঙ’ অ্যালবামের পর এবার ‘দুষ্টু ছেলে’ নামের নতুন আরেকটি একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ন্যান্সি। তবে আপাতত ন্যান্সির ‘দুষ্টু ছেলে’ অ্যালবামের গান শুনতে হবে মুঠোফোনে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন, বাংলালিংক ও রবিতে প্রকাশিত হচ্ছে ন্যান্সির ‘দুষ্টু ছেলে’ অ্যালবামের গান।

এ প্রসঙ্গে ন্যান্সি জানিয়েছেন, মোবাইল রেডিও মিউজিকায় ‘দুষ্টু ছেলে’ অ্যালবামের গান শোনা যাবে। গ্রামীণফোন ও রবির গ্রাহকেরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করলেই নতুন অ্যালবামের গানগুলো শুনতে পারবেন। ১৭ জুলাই চুক্তি স্বাক্ষর করেছেন ন্যান্সি। ২৫ জুলাই থেকে গানগুলো শোনা যাবে মুঠোফোনে। আর ঈদুল আজহা উপলক্ষে সিডি আকারে প্রকাশিত হবে ‘দুষ্টু ছেলে’।

‘দুষ্টু ছেলে’ অ্যালবামে গান রয়েছে আটটি। সেগুলোর মধ্যে একটি নজরুলসংগীত ও বাকিগুলো মৌলিক গান। মৌলিক গানের শিরোনাম ‘মেঘের উল্লাস’, ‘স্বপ্ন ডানা’, ‘বনমালী’, ‘ভুল মানুষ’, ‘দুষ্টু ছেলে’, ‘নেকড়ের গর্জন’ ও ‘নির্ঘুম রাত’।

গানগুলো প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার নতুন অ্যালবামে নতুন এক ন্যান্সিকে শ্রোতারা পাবেন। আগের অ্যালবামে শ্রোতারা যে ধরনের গান শুনেছেন তা থেকে বলা যায় পুরোপুরি সরে এসেছি। শ্রোতারা গায়কিতে নতুনত্ব পাবেন। আর সংগীতায়োজনেও রয়েছে নতুনত্ব।’

ন্যান্সির নতুন অ্যালবাম ‘দুষ্টু ছেলে’র মিক্স ও মাস্টারিং করেছেন পাভেল আরীন।

মৌলিক গানের পাশাপাশি ‘দুষ্টু ছেলে’ অ্যালবামের জন্য ন্যান্সি গেয়েছেন নজরুলসংগীত ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’। এবারই প্রথম কোনো অ্যালবামে তাঁর কণ্ঠে নজরুলের গান শোনা যাবে। এ প্রসঙ্গে ন্যান্সির ভাষ্য, ‘নজরুলের গানেই আমার শেকড়। অনেক দিন ধরেই শ্রোতারা নজরুলসংগীত গাওয়ার অনুরোধ করছিলেন। তাঁদের জন্যই আমার এই প্রয়াস।’

নাজমুন মুনিরা ন্যান্সি। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী। সিনেমার গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপেও পাঁচবার মনোনীত হয়েছেন সেরা সংগীতশিল্পী হিসেবে।