নড়াইলে সুলতান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী এস এম সুলতানের জন্মদিন ১০ আগস্ট। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৮৬ বছর। তিনি নেই, তাঁর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ‘জীবনের রঙে আলোকিত হোক নতুন দিন’—এ স্লোগানকে সামনে রেখে নড়াইলে তিন দিনব্যাপী সুলতান উৎসবের আয়োজন করেছে। সুলতানমঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তিন দিনব্যাপী চিত্রপ্রশিক্ষণ কর্মশালা, চিত্রপ্রদর্শনী, টেরাকোটা ও আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান। গতকাল থেকে এস এম সুলতান আর্ট কলেজ চত্বরে তিন দিনব্যাপী চারুকলা কর্মশালার উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হয়েছে উৎসবের কার্যক্রম। জেলা প্রশাসক আনোয়ার হোসেন আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী, এস এম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অশোক শীল প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিল্পী কর্মশালায় অংশ নিচ্ছেন। বিকেলে সুলতানমঞ্চ চত্বরে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম ফজলুর রহমান প্রমুখ। সন্ধ্যায় খুলনার রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পটগানসহ বিভিন্ন আঙিকের লোকগান পরিবেশন করে। সুলতান উৎসব উপলক্ষে সুলতানমঞ্চ চত্বরে বসেছে মেলা। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক।