নড়াইলে সুলতানের ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী
নড়াইলের চিত্রাপারের সন্তান বরেণ্য চিত্রকর এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর নির্মিত তারেক মাসুদের প্রথম চলচ্চিত্র আদম সুরত এবং সাম্প্রতিকতম সৃষ্টি রানওয়ের প্রদর্শনী শুরু হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনী আজ শনিবার পর্যন্ত নড়াইল শিল্পকলা অডিটোরিয়ামে চলবে। ছবি দুটির প্রদর্শনী উপলক্ষে নির্মাতা তারেক মাসুদ গতকাল শুক্রবার শিল্পকলা অডিটোরিয়ামে সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় করেন। তারেক মাসুদ তাঁর বক্তব্যে বলেন, শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর নির্মিত ছবি আদম সুরত ১৯৮৯ সালে প্রথম মুক্তি পায়। বর্তমানে এটির ডিজিটাল সংস্করণ মুক্তি পাচ্ছে এবং রাজধানীর বাইরে প্রথম নড়াইলে তার প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের দুরবস্থা নিয়ে প্রামাণ্যচিত্রের শুটিং ও ‘সিনেমা হল বাঁচাও’ শীর্ষক এক মতবিনিময় করবেন।নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শ্রুতিচিত্র আয়োজিত তিন দিনব্যাপী এর প্রদর্শনী চলছে প্রতিদিন বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায়।