নড়াইলে ‘আদম সুরত’ ও ‘রানওয়ে’
রাজধানীর আগে জেলা শহরে বিকল্প ব্যবস্থায় মুক্তি দিয়ে এরই মধ্যে সাড়া জাগিয়েছে তারেক মাসুদের রানওয়ে। ছবিটির পরবর্তী প্রদর্শনী শুরু হচ্ছে নড়াইলে। কাল বৃহস্পতিবার থেকে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর নির্মিত তারেক মাসুদের প্রথম চলচ্চিত্র আদম সুরত এবং নতুন ছবি রানওয়ের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে।স্থানীয় শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় শ্রুতিচিত্র আয়োজন করেছে এই বিশেষ প্রদর্শনীর। প্রতিদিন বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টায় প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।অন্যান্য জেলা শহরের মতো নড়াইলেও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ‘সিনেমা হল বাঁচাও’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।স্থানীয় প্রেক্ষাগৃহগুলোর দুরবস্থা নিয়ে প্রামাণ্যচিত্রের শুটিং ও শহরের প্রশাসন, প্রেক্ষাগৃহসংশ্লিষ্ট ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিসহ সর্বস্তরের দর্শক অংশ নেবেন এই মতবিনিময় সভায়। অনুষ্ঠানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদসহ ছবির অন্য কলাকুশলীরা উপস্থিত থাকবেন।