নয় নির্মাতার ধারাবাহিক ‘প্রফেশনালস’
বিভিন্ন পেশার মানুষকে নিয়ে তৈরি হচ্ছে ২৬ পর্বের ধারাবাহিক নাটক প্রফেশনালস। আলোকচিত্রী, বিজ্ঞাপনী সংস্থার চাকরিজীবী, মিউজিক কম্পোজার, পোশাকশ্রমিক, ট্রাকচালক, দালাল থেকে শুরু করে পেশাদার খুনি পর্যন্ত। এ রকম বিচিত্র পেশার মানুষকে নিয়ে তৈরি হবে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব। ধারাবাহিকটি পরিচালনা করবেন নয়জন নির্মাতা। এঁদের মধ্যে আছেন নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, অনিমেষ আইচ, মেজবাউর রহমান সুমন, ওয়াহিদ তারেক ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। জানা গেছে, নুরুল আলম আতিক তৈরি করছেন পোশাকশ্রমিকদের পর্বটি। আর অমিতাভ রেজা ট্রাকচালকের পর্ব। মেজবাউর রহমান সুমন পরিচালনা করবেন পেশাদার আলোকচিত্রীর পর্বটি। ওয়াহিদ তারেকের পর্ব হবে একজন পেশাদার খুনিকে নিয়ে। কৃষ্ণেন্দু তৈরি করবেন একজন মিউজিক কম্পোজারকে নিয়ে। এভাবে একেকজন পরিচালকের ভাবনায় উঠে আসবে একেকটি পেশার মানুষের গল্প। সব মিলিয়ে তৈরি হবে ২৬ পর্বের প্রফেশনালস। ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টপ ডাউনের কর্ণধার অমিতাভ রেজা বলেন, ‘মূলত এক ঘণ্টার নাটক জনপ্রিয় করার জন্যই এ উদ্যোগ। আমরা চাই, দর্শক যেন প্রতি সপ্তাহে ছোট পর্দায় একটি করে ভালো নাটক দেখার সুযোগ পায়। আমাদের নাটকের চরিত্রগুলোর প্রায়ই কোনো পেশাগত পরিচয় থাকে না। সেদিক থেকে এটি একটি ভিন্নধর্মী প্রচেষ্টা। এ সময় মেধাবী ও সৃজনশীল নির্মাতা হিসেবে পরিচিত, এমন নয়জনকে দিয়েই আমরা ধারাবাহিকটি তৈরির চেষ্টা করছি।’ আগামী জুলাই থেকে এনটিভিতে দেখানো হবে প্রফেশনালস ধারাবাহিকটি ।