নয় পেরিয়ে মহাকাল
২০০৩ সালে স্কুলের পাট চুকিয়ে কলেজে পা রাখেন সন্ধি, রিয়াদ ও নাহিন। স্বাগতা এরও আগে স্কুলের পাট চুকিয়েছেন। রাজধানীর সিদ্ধেশ্বরীতে বেড়ে ওঠা স্বাগতা, সন্ধি, রিয়াদ, নাহিন ২০০৩ সালে একটি ব্যান্ড গড়ে তোলার স্বপ্ন দেখেন। স্বপ্নের বাস্তবায়নও শুরু হয়। গানপাগল এই তরুণেরা মিলে গানের দলও গঠন করে নেন। নাম রাখেন মহাকাল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যান্ডের সদস্যদের মধ্যে পরিবর্তন এসেছে। প্রথম দিককার দুজন সদস্য পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গেছেন। তাই বলে ব্যান্ডের কার্যক্রম কিন্তু থেমে থাকেনি। মহাকাল ব্যান্ড এখন নয় বছর পার করেছে। গত সোমবার দুপুরে এই ব্যান্ডের সদস্যদের সঙ্গে কথা হচ্ছিল। স্থান জাতীয় সংসদ ভবনের ক্রিসেন্ট লেকসংলগ্ন এলাকা। উদ্দেশ্য আলাপচারিতা, সঙ্গে ফটোসেশনও। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ব্যান্ডের চার সদস্য স্বাগতা, সন্ধি, রিয়াদ ও রাতুল যথাস্থানে এসে পৌঁছান। বেজ গিটারিস্ট তূর্য তখনো এসে পৌঁছতে পারেননি। তাঁর সর্বশেষ অবস্থান জানার জন্য সন্ধি ও স্বাগতা একের পর এক ফোন দিয়ে চলছিলেন।তূর্যর অনুপস্থিতিতে সন্ধিসহ সবাই জানান, তূর্য সব সময় দেরি করেন। অ্যালবাম প্রকাশের অনুষ্ঠান, মহড়া ও সরাসরি গানের অনুষ্ঠানে দেরি করা তাঁর অনেকটা স্বভাবে পরিণত হয়েছে। তাঁদের কথা শেষ হতে না-হতেই তূর্যর গাড়ি এসে থামে। এসেই তিনি সন্ধির দিকে পাল্টা অভিযোগের তির ছুড়ে দেন। বলেন, ‘আমরা সবাই কালো রঙের জামা পরেছি, অথচ তুই ভিন্ন রঙের জামা পরেছিস কেন? ও বুঝেছি, তুই সবার চেয়ে একটু আলাদা; এখানেও সেটা বোঝানোর চেষ্টা করছ, তাই না?’ সবাই তূর্যর কথা শুনে হেসে উঠলেন।তূর্য দেরি করার কারণ সম্পর্কে বলেন, ‘আমি আসলে সেই অর্থে দেরি করি না। নিজের গুরুত্বটা ওদের বোঝানোর চেষ্টা করি আরকি। হা হা হা...। এ ছাড়া কিছু না।’ এরই মধ্যে আলোকচিত্রী সৈকত ভদ্র ছবি তোলার জন্য তাড়া দিলেন। তাঁর কথামতো রাস্তার মাঝখানে সবাই দাঁড়িয়ে গেলেন। ঈদের ছুটির রেশ না কাটায় ঢাকার রাস্তায় যন্ত্রদানবের উৎপাত তখনো লক্ষ করা যায়নি। ছবি তোলার পরই আবার আড্ডা।শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা। কেমন কাটল এবারের ঈদ জানতে চাইলে সন্ধি বলেন, ঈদের দিনও তাঁকে কাজ করতে হয়েছে। রেডিও ফুর্তির মিউজিক্যাল ড্রামা ‘গরুর হাটে তুমি আমি’ তৈরি নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। ঈদের পরদিন এটি প্রচারিত হয়েছে। এদিকে ঈদের দিন ভালো কাটলেও পরদিন থেকে রাতুলের জ্বর। সেই জ্বর নিয়ে আড্ডা দিতে হাজির হয়েছেন তিনি। এটাকে ব্যান্ডের প্রতি তাঁর ভালোবাসা হিসেবেও দাবি করেন তিনি। সবাই রাতুলকে নিরাশ করেননি। তাঁর কথায় ‘হ্যাঁ’ সূচক মাথা নাড়েন ব্যান্ডের সদস্যরা।রিয়াদ ও স্বাগতা জানান, তাঁদের দুজনের ঈদটা বেশ ভালোই হয়েছে। সবাই একসঙ্গে হতে পেরে আরও ভালো লাগছে। মনে হচ্ছে আজকেই তাঁদের ঈদের আনন্দ! তূর্য বলেন, ‘আমার পা কয়েক দিন আগে মচকে গেছে। এর পরও আমার ঈদ কিন্তু ভালোই কেটেছে।’ব্যান্ডের নাম মহাকাল কেন জানতে চাইলে স্বাগতা বলেন, ‘মহাকাল’ অর্থ অনন্তকাল। আমরা আসলে ব্যান্ডটি গঠন করার সময় চিন্তা করেছি, আমাদের গানগুলো তত দিন থাকবে, যত দিন পৃথিবী থাকবে। আর তাই সবকিছু ভেবে মহাকাল নামটিকে যথার্থ মনে হয়েছে।’ব্যান্ডের শেষ সদস্য হিসেবে যোগ দিয়েছেন রাতুল। তিনি বলেন, ‘যত দূর মনে পড়ছে মহাকাল সব সময় চেষ্টা করেছে শ্রোতাদের নতুন একটি সাউন্ডের সঙ্গে পরিচয় করে দিতে। সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। আমরা আসলে মহাকাল ব্যান্ডের মধ্য দিয়ে নতুন একটি ধারা তৈরির চেষ্টা করছি।’নয় বছরে মহাকালের অর্জন কী জানতে চাইলে রিয়াদ বলেন, ‘অর্জন তো একটা কিছু অবশ্যই আছে। দর্শক-শ্রোতার ভালোবাসায় এত দূর এসেছি। আমরা নিজেদের প্রচেষ্টায় এতটা পথ পাড়ি দিয়েছি। আমাদের কেউ কোনো সহযোগিতা করেনি। তবে এটা ঠিক যে আমরা আমাদের পূর্ববর্তী ব্যান্ডগুলোর দ্বারা অনুপ্রাণিতও হয়েছি।’তূর্য বলেন, ‘আমাদের একেকটা গান কিন্তু একেক ধরনের। এটা দিয়ে আমরা ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের মতো নতুন ব্যান্ডের জন্য এটা একটা বড় পাওয়া।’নয় বছরে মহাকাল ব্যান্ডের পাঁচটি মিশ্র অ্যালবামে গান প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে: স্বপ্নচূড়া-১, স্বপ্নচূড়া-৩, রক ২০২, রক ৪০৪ ও অতঃপর। গত বছর প্রকাশিত হয়েছে প্রথম একক অ্যালবাম। ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নাম রাখা হয়েছে মহাকাল। প্রথম অ্যালবাম প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘মহাকাল অ্যালবামটি আমাদের স্বপ্নের প্রথম বাস্তবায়ন করার প্রথম ধাপ। আর প্রথম অ্যালবামে আমরা অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি।’মহাকাল ব্যান্ডের নতুন অ্যালবামের ব্যাপারে কিছু ভেবেছেন? এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘আমাদের পরবর্তী অ্যালবামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে চারটি গানের কাঠামো তৈরি হয়ে গেছে। মনে-প্রাণে চেষ্টা করছি পরবর্তী অ্যালবামের মধ্য দিয়ে শ্রোতাদের আরও নতুন কিছু উপহার দিতে।’রাতুল বলেন, ‘এই মুহূর্তে আমরা পরবর্তী অ্যালবামের যাবতীয় কাজ গোছাচ্ছি। নিয়মিত মহড়াও করছি। রয়েছে টেলিভিশনের সরাসরি গানের প্রস্তুতি।’এদিকে সন্ধি বলেন, ‘আমাদের পরবর্তী অ্যালবাম প্রথম অ্যালবাম থেকে ভিন্ন ধরনের হবে। পুরো অ্যালবামটি রক ও ফাঙ্ক ঘরানায় সাজানো হচ্ছে।’কথা বলতে বলতে কখন যে সময় ফুরিয়ে গেছে, সেদিকে কারও কোনো খেয়াল নেই। ব্যান্ডের সব সদস্যকে ধানমন্ডির ৮ নম্বরে যেতে হবে। আর তাই বাধ্য হয়ে আড্ডারও ইতি টানতে হলো শেষমেষ।মহাকাল ব্যান্ডের সদস্য রিয়াদ (ড্রামার) রাতুল (লিড গিটারিস্ট) স্বাগতা (ভোকাল) সন্ধি (ভোকাল) তূর্য (বেজ গিটারিস্ট)