নয় বছরে দূরবীণ
আট বছর পেরুল ব্যান্ড দূরবীণ। গানের দলটির নয় বছরে পদার্পণ উপলক্ষে আজ ১২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় দলটির কার্যালয়ে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দূরবীণের শুভাকাঙ্ক্ষী সহ সংগীত, টেলিভিশন জগতের অনেকেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য শহীদ।প্রথম আলো ডটকমকে শহীদ বলেন, ‘২০০৪ সালে আমরা (সাব্বির, নয়ন ও আমি) তিনজন মিলে দূরবীণ ব্যান্ডের যাত্রা শুরু করি। ২০০৬ সালে আমাদের সঙ্গে যোগ দেন আরফিন রুমী। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দূরবীণ আজ সবার কাছে অনেক প্রিয় একটি নাম। স্বল্প সময়ে এটা আমাদের অনেক বড় পাওয়া।’শহীদ আরও বলেন, ‘আট বছর একটি ব্যান্ডের জন্য অনেক বেশি সময় নয়। তারপরও এই অল্প সময়ে দূরবীণ দর্শকদের যে ভালোবাসা পেয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। আরফিন রুমীকে বাদ দেওয়ার পর দূরবীণ ব্যান্ড নিয়ে আমরা এখন নতুনভাবে ভাবছি। আশা করছি, নতুন বছরের শুরুতেই দূরবীণ নিয়ে ভালো একটি সংবাদ সবাইকে দিতে পারব।’শহীদ বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা রকার্স হান্ট নামের একটি প্রতিযোগিতার আয়োজন করি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় চারটি নতুন ব্যান্ডকে পরিচয় করিয়ে দিতে পেরেছি। একধরনের দায়বদ্ধতা থেকে রকার্স হান্ট প্রতিযোগিতার আয়োজন করি।’দূরবীণ ব্যান্ডের আরেক সদস্য আইয়ুব বলেন,‘আমি মনে করি নয় বছরে দূরবীণ ব্যান্ড নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। নানা চড়াই-উত্রাই পেরিয়ে দূরবীণ আজ প্রতিষ্ঠিত একটি ব্যান্ড।’ উল্লেখ্য, দ্বিতীয় বিয়ে ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাস খানেক আগে দূরবীণ ব্যান্ড থেকে বহিষ্কার করা হয় আরফিন রুমীকে।