নয় মাসে ছবির শুটিং শেষ করার নির্দেশ
গত তিন বছরে যে চলচ্চিত্র নির্মাতারা অনুদান পেয়েছেন, তাঁরা কি সব ছবির নির্মাণকাজ সম্পন্ন করে মুক্তি দিয়েছেন?কোনো জবাব নেই।তিন বছরে কতগুলো ছবির জন্য অনুদান দেওয়া হয়েছিল?১১টি।মুক্তি পেয়েছে কয়টি?চারটি।বাকি ছবিগুলোর কী অবস্থা?এবার নীরবতা।অনুদান পাওয়া ছবিগুলোর ব্যাপারে জানার জন্য গত রোববার তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন তথ্য মন্ত্রণালয়ে নির্মাতাদের ডেকেছিলেন। সেখানকার আলোচনার দৃশ্যপট ছিল এ রকমই। অনুদান পাওয়া অনেক নির্মাতাই আসেননি এই সভায়। যাঁরা এবার অনুদান পেয়েছেন, ছিলেন তাঁদের মধ্যে কয়েকজন।বৈঠকে উপস্থিত কয়েকজনের কাছ থেকে জানা গেছে, তথ্যসচিব স্পষ্ট করে জানিয়েছেন, এখন থেকে অনুদান পাওয়ার নয় মাসের মধ্যে ছবির শুটিং শেষ করতে হবে। আর এক বছরের মধ্যে ছবি মুক্তি দিতে হবে। এত দিন অনুদান পাওয়ার ছয় মাসের মধ্যে ছবির শুটিং শেষ করার নিয়ম ছিল।এই বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, যাঁরা এর আগে অনুদান নিয়ে এখনো ছবির কাজ শেষ করতে পারেননি, তার জবাব সংশ্লিষ্ট নির্মাতাদের কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে। ওই সব ছবির কাজ তাঁদের দ্রুত শেষ করতে হবে। এই নির্দেশ উপেক্ষিত হলে মন্ত্রণালয় থেকে বিকল্প চিন্তাভাবনা করা হবে।একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনুদান পাওয়া ছবিগুলো যদি ভালো হয়, তাহলে ওই ছবিগুলোর কর মওকুফ করার ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়।