নয়জন গুণীকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা
এবারই প্রথম ভারতের পশ্চিমবঙ্গ সরকার নয়জন গুণীকে রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ প্রদান করল। গত সোমবার বিকেলে কলকাতার সায়েন্স সিটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন রাজ্যপাল এম কে নারায়ণন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার উদ্যোগেই এ বছর থেকে রাজ্যে চালু হলো ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান। এবার এই সম্মাননা পেলেন মান্না দে, মহাশ্বেতা দেবী, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অমলা শঙ্কর, সুপ্রিয়া দেবী, হারাধন বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ আমজাদ আলী খান এবং শৈলেন মান্না।অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি মান্না দে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ২১ জুলাই বেঙ্গালুরুতে মান্না দের বাসভবনে গিয়ে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় তাম্রপত্র, উত্তরীয়, ধুতি/শাড়ি, দুই লাখ রুপির চেক আর এক ঝুড়ি জুঁই ফুল।