দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক ‘একজন শল্যচিকিৎসকের গল্প’। এটি পরিচালনা করেছেন আকরাম খান। নাটকে অভিনয় করেছেন সারিকা। কথা হলো তাঁর সঙ্গে।আজ তো আপনার অভিনীত ‘একজন শল্যচিকিৎসকের গল্প’ নাটকটি প্রচারিত হবে।এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তিনটি নাটক দেখানো হচ্ছে। গতকাল চ্যানেল আইতে ছিল গন্তব্যের খেরোখাতা আর আরটিভিতে ধনধান্য পুষ্পভরা। আজ দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় থাকছে একজন শল্যচিকিৎসকের গল্প নাটকটি। আরেকটা মজার ব্যাপার হলো, এ পর্যন্ত মোট নয়টি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি। এর মধ্যে পাঁচটিই মুক্তিযুদ্ধের গল্পের নাটক। আমি বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে নানা গল্প শুনেছি। আর এখন যখন সেই মুক্তিযুদ্ধের গল্পের নাটকে কাজ করছি, তখন নিজের মধ্যে অন্য রকম এক অনুভূতি অনুভব করি।‘একজন শল্যচিকিৎসকের গল্প’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে আমরা যাঁরা কাজ করেছি, সবাই দিনের বেলা অন্য কোনো নাটকে আগে থেকেই সময় দিয়ে রেখেছিলাম। তাই দিনে কারোরই সময় ছিল না। আবার নাটকের গল্পটি একেবারেই অন্য রকম। তাই মিস করতেও চাইনি। তখন রাতের বেলা কাজ করার সিদ্ধান্ত হলো। রাত জেগে জেগে নাটকের বেশির ভাগ কাজ করেছি। নাটকের একটা ব্যাপার আমাকে খুব আঘাত করেছিল। হাতের কাছে পেয়েও যখন একজন রাজাকারকে ছেড়ে দেওয়া হলো—সেটা মেনে নিতে পারছিলাম না।ধারাবাহিকের খবর কী?এখন পাঁচটি ধারাবাহিকের কাজ করছি। সব কটিই ২৬ পর্বের। এর মধ্যে রয়েছে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের পারমিতার একদিন, শাহেদের ফ্যাশন শো আর আকরাম খানের নাটক। বাকি দুটি নাটকের কাজ হবে ব্যাংকক ও লন্ডনে।মডেলিংয়ের পরিচয়টা আপনাকে নাটকে অভিনয় করতে উদ্বুদ্ধ করেছে?তা ঠিকই বলেছেন। আমি মডেলিং করছি চার বছর। শেষ তিন বছর আমি অসংখ্য নাটকের প্রস্তাব পেয়েছি। তবে আমি চেয়েছি, দর্শক যেন আমাকে মডেল হিসেবেই অনেক দিন মনে রাখে। সে কাজটাই আগে করেছি। এরপর নাটকে কাজ শুরু করি। তাও তো প্রায় দুই বছর হয়ে গেল। এখন থেকে আমি ভালো ভালো নাটকে কাজ করব। আর পড়াশোনা?আমি এ-লেভেল পরীক্ষা দেব। বিনোদন প্রতিবেদক