
এই তো কয়েক মাস আগে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে তাঁকে দেখা গেছে। হুইলচেয়ারে বসে দেখেছেন মহাজনের নাও নাটকটি। নাটক শেষে তিনি মঞ্চে এসে শিল্পীদের সঙ্গে কথাও বলেছিলেন। সেই পরীক্ষণ থিয়েটারে গতকালও তাঁকে পাওয়া গেল, ফ্রেমে বাঁধা ছবিতে। তাঁর ছবির গলায় মালা, নিচে প্রদীপ জ্বলছে। অভিনেতা, নির্দেশক খালেদ খান চলে গেছেন না-ফেরার দেশে। কিন্তু গতকাল পরীক্ষণ থিয়েটার হলে সমাগত মানুষের কথায়, আলোচনায় আর চোখের জলে খালেদ খানের উপস্থিতি উজ্জ্বল হয়ে উঠেছিল। সঙ্গী ও অনুরাগীরা শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে তাঁকে।
দর্শকদের হূদয়ে চিরতরে নিজের নামটি লিখে দিয়েছিলেন অভিনেতা-নির্দেশক খালেদ খান। তাঁর ঘরের নাম যুবরাজ। নাট্যাঙ্গনের নিকটজনেরা এ নামেই ডাকতেন তাঁকে। অসাধারণ বাচিক যোগ্যতার অধিকারী এই মানুষটি চিরতরে বাক্শূন্য হয়ে শুক্রবার রাতে চলে গেলেন দৃষ্টিসীমানার ওপারে। গতকাল মঙ্গলবার তাঁর শোক সভার যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিল্পকলা একাডেমী।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত এ সভায় খালেদ খানকে স্মরণ করে বক্তব্য দেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশীদ, কেরামত মওলা, শিমূল ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, সুবচনের দলপ্রধান আহম্মেদ গিয়াস, খালেদ খানের স্ত্রী মিতা হক, ভগ্নিপতি শিল্পী সোহরাব উদ্দিন, ভাই শাহীন খান প্রমুখ। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
আয়োজনের শুরুতেই খালেদ খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেমন্তী মঞ্জুরীর কণ্ঠে রবীন্দ্রনাথের ‘নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে’ গীত হওয়ার মধ্য দিয়ে সূচনা হয় শোকসভার।
শোকসভায় রামেন্দু মজুমদার বলেন, ‘খালেদ খানের বাচিক অভিনয় ছিল অতুলনীয়। এর পাশাপাশি তিনি মঞ্চে গানও গাইতেন। গান যে নাটকে ভিন্ন মাত্রা আনতে পারে, তার প্রমাণ তিনি রেখেছেন।’ নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘খালেদ খানের জীবন, পূর্ণাঙ্গ শিল্পীর অপূর্ণ জীবন। এর মাঝে তিনি অভিনয়শিল্পে পূর্ণতা পেয়েছেন। কিন্তু তা খুবই স্বল্প সময়ের জন্য। নতুন প্রজন্মকে তাঁর কাজ থেকে শেখার আছে। অনুপ্রেরণা নেওয়ার উপাদান রয়েছে।’
ভারতের কিংবদন্তি নাট্যশিল্পী শম্ভু মিত্রের কাছ থেকে প্রশংসা পাওয়া দুরূহ ব্যাপার উল্লেখ করে আতাউর রহমান বলেন, ‘খালেদ খানের অভিনয়ে সন্তুষ্ট হয়ে শম্ভু মিত্র তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন।’
শোকসভায় লাইসা আহমদ গাইলেন ‘তোমায় নতুন করে পাব বলে’। আবৃত্তি করেন হাসান আরিফ। সবশেষে প্রাচ্যনাট পরিবেশন করে গীতি-আলেখ্য।