পঁচাত্তরে হাশেম খান
হাশেম খানের ৭৫তম জয়ন্তী ছিল গতকাল শনিবার। দিনটি উদ্যাপন করতে গতকাল নবীন বৈশাখের বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত আনন্দানুষ্ঠানে তাঁর শুভার্থীরা তাঁকে দিয়েছেন পুষ্পার্ঘ্য। কামনা করেছেন তাঁর দীর্ঘ জীবনের। প্রতিক্রিয়ায় হাশেম খান বলেন, ‘কোনোদিন ভাবিনি মানুষের এত ভালোবাসা পেতে পারি। আমি মা-বাবার আদেশ পালন করেই ৭৫ বছরে পা দিলাম। আমরা সাত বোন, সাত ভাই ছিলাম। আমাদের বাবা বলেছিলেন মানুষের ভালোবাসা অর্জন করতে। তাঁদের সে আদেশ মাথায় নিয়ে ৭৫ বছরে পা রাখলাম।’
যৌথভাবে আনন্দানুষ্ঠানের আয়োজন করে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’, ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, বাংলাদেশ চর্চা’ (মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্ট), ‘হাশেম খান-পারভিন ট্রাস্ট’, ‘চন্দ্রাবতী একাডেমি’, ‘জার্নিম্যান বুকস’ এবং ‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’। আয়োজক কমিটির আহ্বায়ক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে হাশেম খানের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন শিক্ষাবিদ অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, কেরামত মাওলা, কবি স্থপতি রবিউল হুসাইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, শিল্পী মনিরুল ইসলাম, কবি মুহাম্মদ সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে হাশেম খানের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক কিশোর উপন্যাস কটিক ও তাঁর চিত্রকলা নিয়ে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের লেখা হাশেম খানের কাজ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শিল্পী হাশেম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও চারুকলার সঙ্গে সম্পৃক্ত সংগঠন শিল্পী হাশেম খানকে ফুলেল শুভেচ্ছা জানান।