
একজীবনে একজন কথাশিল্পী যত কথাকে দিতে পারেন গীতিকবিতার রূপ, মোহাম্মদ রফিকউজ্জামান বোধ হয় ততটাই দিয়েছেন। বাঙালির প্রিয় বহু গান তাঁর লেখা।
গতকাল রোববার সন্ধ্যায় ছিল গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের ৭৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তাঁকে জানানো হলো সম্মাননা। তাঁকে নিয়ে আলোচনা ও তাঁর লেখা বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে শ্রদ্ধা-শুভেচ্ছা-ভালোবাসা জানানো হলো তাঁকে। তিনি দুই হাতে কুড়িয়েছেন সেই উপহার।
তাঁর সঙ্গে অনুষ্ঠান মঞ্চে আসন নেন গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম, বাচিকশিল্পী আশরাফুল আলম, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি বিশ্বজিৎ রায়। জন্মদিনে এই গুণী গীতিকবিকে নিয়ে নানা স্মৃতিচারণা করেন তাঁরা, শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন বাংলা গানে তাঁর অবদানের কথা। শিল্পীরা গেয়ে শোনান তাঁর লেখা ‘দুঃখ আমার বাসর রাতের পালংক’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘রেল লাইনের ধারে’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’সহ আরও বেশ কিছু গান। এতটা বছর গীতিকবিতায় কত কত আনন্দ আহরণ করলেন জানতে চাইলে রফিকউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘একসময় শুধু আনন্দের কথাই লিখেছি। বয়স বাড়তে থাকলে তাতে এসে যুক্ত হয়েছে নানা বেদনা। তবে শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করেছি সব সময়। এখন সেসব তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি।’
মোহাম্মদ রফিকউজ্জামানকে সম্মাননা জানানোর এই আয়োজনটি করেছিল সৃজনশীল গানের সংগঠন নিবেদন। এ বছর ২৬ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সোমা রায়। সে সময় উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, শিল্পী সুবীর নন্দীসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।