পঁচিশে প্রমিথিউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচিশ বছর আগে ১৯৮৬ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ব্যান্ডদল প্রমিথিউস। স্বাধীনতার ৪০ বছর পূর্তির বছরে দলটি পূর্ণ করতে যাচ্ছে তাদের প্রথম রজতজয়ন্তী। প্রমিথিউসকে নিয়ে এই আয়োজন ‘কীভাবে প্রমিথিউস ২৫ বছর পার করল, টেরই পেলাম না। এটা সত্যিই অবিশ্বাস্য। যে প্রেক্ষাপটে আমরা প্রমিথিউস ব্যান্ডদল গড়ে তুলেছিলাম, তখন এতটা দূর আসতে পারব চিন্তা করিনি। তবে আমাদের সবার মনে অনেক বেশি আত্মবিশ্বাস ছিল।’—বলছিলেন প্রমিথিউস ব্যান্ডদলের অন্যতম সদস্য বিপ্লব। গত ৪ জুন পড়ন্ত বিকেলে রাজধানীর ক্রিসেন্ট লেকের ধারে বসে আড্ডায় কথা হচ্ছিল প্রমিথিউসের সদস্যদের সঙ্গে।এই ২৫ বছরে প্রমিথিউসের অর্জন কী?বিপ্লব বলেন, ‘২৫ বছর টিকে থাকাটাও কম অর্জন নাকি? তবে আজকের অবস্থানে আসার পেছনে অন্যতম শক্তি দর্শক-শ্রোতাদের ভালোবাসা।’সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা পথ এগিয়েছে প্রমিথিউস। পেছনের দিনগুলোতে ফিরে যান বিপ্লব। বলেন, ‘প্রমিথিউসের শুরুর দিকটার কথা ভোলার নয়। ১৯৮৬ সালের কথা। আরিফ, রেজওয়ান ও শারেক একসঙ্গে গান করতেন। তাঁদের সঙ্গে জ্যামিং করতেন বন্ধু কোয়েলও। তখন আবার “কিউপিড” নামে আমার একটি ব্যান্ড ছিল। কোয়েলের মাধ্যমে একদিন আরিফ, রেজওয়ান ও শারেকদের সঙ্গে পরিচয়। এরপর সবাই মিলে ভাবতে থাকি একটি নতুন ব্যান্ড গড়ার। সেটাই আজকের প্রমিথিউস।’ব্যান্ডের লাইনআপের পরিবর্তন সম্পর্কে সোহাগ বলেন, ‘প্রমিথিউস পুরোপুরি একটা পরিবার। এখানে আমরা সবাই আন্তরিকতা নিয়েই কাজ করি। বিভিন্ন সময় লাইনআপে যেসব পরিবর্তন এসেছে, তা সদস্যদের জীবনের তাগিদে। ভুল-বোঝাবুঝি কিংবা মনোমালিন্যের কারণে ব্যান্ড ছাড়ার মতো ঘটনা প্রমিথিউসে কখনোই ঘটেনি। ব্যান্ডের ২৫ বছর পূর্তিতে নতুন-পুরোনো সবাইকে নিয়ে একটি ডিজে লাইভ শো করার ইচ্ছেও আছে’—বললেন রুবেল।প্রমিথিউস দেশের গান নিয়ে কাজ করে, তাই স্বাধীনতার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানের সময় এ বছরের শেষ দিকে উদ্যাপন করা হবে প্রমিথিউসের রজতজয়ন্তী অনুষ্ঠান। এ উপলক্ষে বিভিন্ন সময়ে ব্যান্ডটির প্রকাশিত অ্যালবামগুলো থেকে নিজেদের দৃষ্টিতে সেরা গানগুলোর সংকলনের একটি অ্যালবাম উপহার দেওয়ার কথাও ভাবছে দলটি। অ্যালবামের কাজ অনেকখানি এগিয়েছে বলে জানান মাইকেল।২৫ বছরে প্রমিথিউসের ১৫টির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে স্বাধীনতা চাই, মুক্তির প্রত্যাশায়, প্রজন্মের সংগ্রাম, স্লোগান, যোদ্ধা, স্মৃতির কপাট, অ-আ, পাঠশালা, টাকা, প্রমিথিউস ২০০০, প্রমিথিউস আনবাউন্ড ওয়ান ও ছায়াপথ। এগুলোর বেশির ভাগ অ্যালবামের মধ্যে দেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও দেশাত্মবোধক গান রয়েছে।সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁরা দেশের সরকারি-বেসরকারি স্কুলে ইংরেজি সংস্করণ চালুর পাশাপাশি কার্যকর শিক্ষাব্যবস্থার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার এক কর্মসূচি হাতে নিয়েছেন। এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘সরকার ছেলেমেয়েদের অবৈতনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু এই শিক্ষা কতটা কার্যকর, তা ভেবে দেখা হচ্ছে না। ঢাকা শহরে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক স্কুলেই এখন ইংরেজি সংস্করণ চালু হয়েছে, কিন্তু গ্রামে কিংবা মফস্বলে তা চালু না হওয়ায় ওই ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। এ কারণে ইংরেজি সংস্করণ কর্মসূচির কাজ শুরু করেছি। ইতিমধ্যে দাদার বাড়ি কুমিল্লার কালীবাজারের একটি স্কুলে প্রথম এই কর্মসূচি শুরু করেছি। রজতজয়ন্তীতে শ্রোতাদের বিশেষ কিছু উপহার দেওয়ার জন্যই এ ধরনের প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়া।’বর্তমান লাইনআপ: বিপ্লব (ভোকাল, গিটার), সোহাগ (লিড গিটার), পল্লব (কিবোর্ড), মাইকেল (ড্রামস), রুবেল (ডি জে)।