পঁয়তাল্লিশে মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে বলিউডে বিবাহিত নায়িকাদের কদর নেই? এই তো কিছুদিন আগে মাধুরী দীক্ষিত পঁয়তাল্লিশে পা দিয়েছেন। সর্বশেষ ছবি আজা নাচলে মুক্তি পেয়েছে চার বছর আগে। বক্স অফিসে যে ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। অথচ আজও মাধুরীকে নেওয়ার জন্য ছোট থেকে বড় পর্দা তীর্থের কাকে মতো অপেক্ষা করে। সদ্য শেষ হওয়া নাচের রিয়েলিটি শো ঝালাক দিখলাজায় বিচারক হওয়ার জন্য প্রতি পর্বে মাধুরীকে দেওয়া হয়েছে এক কোটি রুপি! শুধু তা-ই নয়, মাধুরীর আমেরিকা-ভারত আসা-যাওয়া, থাকা-খাওয়া—সবকিছুর ব্যয় বহন করেছে সনি কর্তৃপক্ষ। ভাবা যায়? সঞ্জয় লীলা বানসালি, যশ চোপড়া, করণ জোহর থেকে প্রযোজক অনিল কাপুর, সঞ্জয় দত্ত মাধুরীকে ছবির প্রস্তাব দিয়ে রেখেছেন। অভিনয়ের ২৫ বছর পূর্তির শুভক্ষণে মাধুরী চার মাস কাটিয়ে গেলেন নিজের শহর মুম্বাইয়ে। দেশ ছেড়ে যেতে কষ্ট হয় না? ‘একদমই না। উল্টো আনন্দ হয়। একটাই কারণ, আমি আমার ছেলেদের দেখতে পাব। ব্যাপারটা অনেকটা এমন, মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি। বাচ্চারা ছোট থাকায় আগে ভারতে আসতে পারতাম না। কারও কাছে ওদের ছেড়ে আসতে ভরসা পেতাম না। এমনকি এবারও ঝলক-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। পরে আমার ছেলেরাই আমাকে অভয় দিয়েছে। আমার স্বামীও ভীষণভাবে চেয়েছে, সারা জীবন যেহেতু নাচ করেছি। এই প্রথম নাচের বিচারক হওয়ার কাজটিও যেন আমি করি।’ সুদূর আমেরিকায় বসে অভিনয় ও নাচ মিস করেন মাধুরী। সঙ্গে পানিপুরি, ভেলপুরি, মোদাক (মহারাষ্ট্রের মিষ্টি)। স্বামীর সঙ্গে নিশ্চয়ই মারাঠি ভাষায় কথা বলা হয়? ‘অবশ্যই। আমাদের বাচ্চারাও টুকটাক বলে। তবে আমরা সবাই ইংরেজিতেই বেশি স্বচ্ছন্দ।’ একদা ভারতের সুপারস্টার, এখন বাড়ির কর্ত্রী—দুটি সত্তা কীভাবে সামলান মিসেস নেনে? ‘আমার ভেতর সব সময়ই একটা অদৃশ্য শক্তি কাজ করে। অনেক বছর আগে শাহরুখ একবার আমার ব্যাপারে পত্রিকায় বলেছিল, মাধুরী এই ইন্ডাস্ট্রির সেরা পুরুষদের একজন। শাহরুখ এবারও মা-বাবার সঙ্গে আমাকে দেখে একই কথা বলেছে। কারণ আমি পুরুষদের অনেক কাজই স্বচ্ছন্দে করতে পারি, করতে চাই। সুপারস্টার এবং সুপার মাদার—দুটো সত্তাই ভীষণভাবে উপভোগ করি। ক্যামেরার সামনে দাঁড়াতে আনন্দ পাই। কিন্তু ক্যামেরা বন্ধ হলেই আবার নিজের দুনিয়ায় ফিরে যাই। তখন আর গ্লামার আমাকে টানে না। আমি মূলত শান্ত প্রকৃতির মানুষ। যখন আমেরিকা ফিরে যাই, বাচ্চাদের সঙ্গে ঘরে বসে সময় কাটাতেই ভালো লাগে। তা ছাড়া আমার পরিবারও এমনিতে কখনো আমাকে তারকা হিসেবে দেখেনি। কখনোই আমাকে বাড়তি কোনো সুবিধা দেওয়া হতো না। মা এখনো সুযোগ পেলে জনসম্মুখে আমাকে বকাঝকা করেন।’ মাধুরী দীক্ষিতের রোজকার রুটিন কী রকম? ‘অতি সাধারণ। সকালে ঘুম থেকে উঠে স্বামী-সন্তানের জন্য নাশতা বানাই। বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তৈরি করি। স্কুলে পৌঁছে দিই। স্কুল ছুটি হলে আনতে যাই। ওদের স্কুলে থাকার সময়টায় হয় বাজার করি, নয়তো ঘরের কাজ থাকলে সেটাও সেরে ফেলি। ওরা স্কুল থেকে ফিরলে স্ন্যাকস দিই। ওরা বাড়ির কাজ শেষ করে। এরপর ওদের নিয়ে বেরিয়ে যাই। ওরা সাঁতার, তাইকুন্দু শেখে। আমি ও আমার স্বামীও তাই। আমরা দুজন ঠিক করেছি, সন্তানদের ভালোর জন্য আমরা আমাদের নিজেদের ঠিক রাখব। আমরা কেউই ধূমপান, মদ্যপান করি না। সময়মতো ঘুমাই। ঘুম থেকে উঠি।’ সংসারটা কেমন উপভোগ করছেন মাধুরী? ‘অনেকের জন্য সংসারটা ভালো, খারাপ কিংবা অ্যাভারেজ হতে পারে। কিন্তু আমার জন্য অসাধারণ। আমার স্বামীর সঙ্গে বিয়ের পর এমন কিছু করেছি, যা এর আগে ভাবতেও পারতাম না—পাহাড়ে ওঠা, স্কুবা ড্রাইভিং, স্কিং। যদিও আমরা দুজনই ঘরে বেশি থাকতে পছন্দ করি। বিয়ের আগে ও আমার কোনো ছবি দেখেনি। বিয়ের পর দেবদাস, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায় দেখিয়েছি। ছবি দেখার সময় ও ভুলে যায় যে ওটা আমি। ছবির ভেতর ঢুকে যায়। ছবি দেখা শেষ হলে শুধু বলে, অসাধারণ! অদ্ভুত সুন্দর লেগেছে। বাড়িতে এমনিতে প্রতিদিনই রান্না করি। মহারাষ্ট্র, চায়নিজ খাবার ভালো করতে পারি। কিছুটা পাঞ্জাবি, ম্যাক্সিকানও পারি। বিয়ের আগে কখনো রান্না করতাম না। এমন না যে করতে চাইতাম না। আসলে সময় পেতাম না। তখন বড় বোন রান্না করতেন। আমার দায়িত্ব পড়ত রান্নাঘর সাফাই করার। কিন্তু বিয়ের পর স্বামীকে রান্না করতে দেখে রান্নার প্রতি আগ্রহটা বেড়ে যায়। রান্নাটা আমাদের জন্য মজার একটা বিষয়। সারা দিনের ক্লান্তি অনেকটাই দূর করে দেয় রান্না। কাজে ব্যস্ত থাকার জন্য সম্প্রতি ফ্লোরিডায় বড় একটি মল কিনেছি। ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’ সম্পূর্ণ ভিন্ন একটা জগতের মানুষকে বিয়ে করে কতটা সুখী মাধুরী দীক্ষিত? কোনো ঝামেলা হয় না সুখী সংসারে? ‘আমি কিন্তু সব সময়ই মিডিয়ার বাইরে কাউকে বিয়ে করতে চেয়েছি। তা ছাড়া ঝামেলা কার হয় না? আমাদেরও হয়। বেশির ভাগ সময় বাচ্চাদের বাড়ির কাজ নিয়ে লেগে যায় আমাদের মধ্যে। আমি বেশ কঠোর এসব ব্যাপারে। নেনে এর বিপরীত। এ ছাড়া আমাদের মধ্যে কোনো ব্যক্তিত্বের সংঘাত নেই। যে ভুল করেছে, সে-ই সবার আগে সরি চেয়ে নেয়। একটা দম্পতির মধ্যে যদি ভালোবাসা, আর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, অন্যান্য সমস্যা সমাধান করা খুব একটা কঠিন নয়। ২৫ বছরের অভিনয়জীবন পেরিয়ে এখন আমি ব্যক্তিজীবনেও সুখ খুঁজে নিয়েছি। আমি জানি, কী করে সুখ খুঁজে নিতে হয়।’  রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট