তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকে কখনো বলা হয়নি। আজ সুবীর নন্দী শোনাচ্ছেন না-বলা সে রকম একটি ঘটনাআমার বাবা ডা. সুধাংশুভূষণ নন্দী ছিলেন সিলেটের তেলিয়াপাড়া চা-বাগানের চিকিৎসক। সেই সূত্রে চা-বাগানের মনোরম পরিবেশে কেটেছে আমার ছোটবেলা। সময়টা ষাটের দশকের মাঝামাঝি। ভাইবোন-বন্ধুবান্ধব মিলে বিরাট এক বাহিনী ছিল আমাদের। সারা দিন হইহুল্লোড় আর নানা রকম অ্যাডভেঞ্চার করে দিন কাটত। মন চাইলে চা-বাগানের টিলা থেকে পাহাড়ি ঝরনায় ঝাঁপ দিতাম, আবার কখনো পৌষ-মাঘের সংক্রান্তির সময় ছোট্ট একটি খড়ের ঘর বানিয়ে মেতে উঠতাম চড়ুইভাতিতে। এ ছাড়া বিভিন্ন পূজা-পার্বণ এলে তো কথাই নেই। বিশেষত, কালীপূজা ও এর আগের রাতের দীপাবলিতে আমাদের আনন্দ দেখে কে! কে কতটা বাতি জ্বালাবে—এ নিয়ে চলত প্রতিযোগিতা। মনে আছে, দীপাবলিতে নানা ধরনের লাল-নীল বাতি জ্বালাতাম আমরা। লম্বা বাঁশের মাথায় বেঁধে দিতাম ছোট ছোট লণ্ঠন। আর এই উৎসবে পটকাবাজি না ফোটালে উৎসবের ষোলো আনাই যেন মাটি। তাই পটকা ছিল আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় বস্তু। আমি এবং আমার বন্ধু স্বপন, শীতল, সঞ্জয়, শিপার ছিলাম পটকা ফোটানোর ওস্তাদ।একবারের ঘটনা। কালীপূজা ও দীপাবলি উপলক্ষে মামা গঙ্গেশরঞ্জন দেবরায় আমাকে বেশ কিছু টাকা দিলেন। তখন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমি। তো, টাকা দিয়ে কী করি—চলে গেলাম পটকাবাজি কিনতে। সে সময় দুই টাকায় অনেক পটকা পাওয়া যেত। দীপাবলির দিন মন ভরে পটকা কিনলাম। খুশি তো আর ধরে না!এদিকে সারা দিন যেন কাটতে চাইছে না—কেবলই অপেক্ষা, কখন সন্ধ্যা নামবে, বাজি ফোটানোর উচ্ছ্বাসে মেতে উঠব। অবশেষে রাত এল। ছোট ছোট মোমবাতিতে আলোকোজ্জ্বল হলো চারপাশ। পকেটভর্তি পটকা নিয়ে অপেক্ষা করছি আমরা। এর মধ্যে আমার বন্ধুরা ফোটাতে শুরু করেছে পটকা—চারদিকে হইচই-চিৎকার-উচ্ছলতা। কিন্তু এত কিছুর মধ্যেও বুদ্ধি নাশ হয়নি আমার। আমি তো বিরাট বুদ্ধিমান, তাই ভাবছি, বন্ধুদের পটকাগুলো শেষ হোক, তারপর ওদের দেখিয়ে দেখিয়ে পটকা ফোটাব।হাফ প্যান্টের দুই পকেটে পটকার স্তূপ। পকেটে হাত দিয়ে ভাবছি আর মুখের আগায় ফুটে উঠছে দুষ্টুমিমাখা হাসির রেখা। আবার এসব ভাবতে ভাবতে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়েও কিন্তু কম যাচ্ছি না। আনন্দে সবাই লাফালাফি করছে। লাফাচ্ছি আমিও। এর মধ্যে ধপাস—হঠাৎই অঘটন, হোঁচট খেয়ে পড়ে গেলাম! তবে ভূপতিত হওয়ার পর পকেটে থাকা পটকাগুলো যে পকেটের মধ্যেই ফুটছে, সেটি কি বুঝতে পারছি? হ্যাঁ, নিজের পটকায় নিজের পা জখম হওয়ার পর আমার ‘বুদ্ধি’-এর খেসারত বেশ ভালোভাবেই দিতে হয়েছে আমাকে।তবে ঘটনার পরদিন বন্ধুরা যখন টিপ্পনী কাটছে, তখনো মুখের জোর কমেনি আমার। মানীর মান তো রাখতে হবে! তাই খুব একটা পাট দেখিয়ে ওদের বলছি, ‘সবাই তো পটকা মাটিতে ফোটায়, আমার কত সাহস দেখেছিস, পকেটেই পটকা ফুটিয়ে ফেললাম!’ অনুলিখন: আ. শা.