
বাংলা গানের পাঁচ দিকপাল—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেন। সমৃদ্ধ করে গেছেন বাংলা গানের ভান্ডার। তাঁদের গান মানে সুর-ছন্দে মুগ্ধতার আবেশ।
গতকাল শনিবার পঞ্চ গীতিকবির গানের আসর বসেছিল নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। এ আসর আয়োজন করে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সমবেত কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আমি চেয়ে থাকি দূর সান্ধ্য গগনে’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর চলে কথামালা। এ পর্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত। স্বাগত বক্তব্য দেন ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের পরিচালক নন্দ দুলাল গোস্বামী।
পাঁচটি পৃথক পর্বে ছিল এ আয়োজন। প্রতিটি পর্বেই ছিল একক ও দ্বৈত গান। গানের পাশাপাশি ছিল আবৃত্তিও। শিল্পীরা গেয়ে শোনান ১৭টি গান। দর্শকদের মন ছুঁয়ে যায় দ্বিজেন্দ্রলালের ‘চাহি অতৃপ্ত নয়নে’, রবীন্দ্রনাথের ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’, নজরুলের ‘শিউলী তলায়’, রজনীকান্তের ‘দ্যাখ দেখি মন, নয়ন মুদে’ ও অতুল প্রসাদের ‘সবারে বাসরে ভালো’ শিরোনামের গানগুলো।