পঞ্চকবির গান নিয়ে কোনাল
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেন—এই পাঁচ কবির গান নিয়ে এবার অ্যালবাম করতে যাচ্ছেন কোনাল। তিনি জানালেন, এরই মধ্যে অ্যালবামটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের গান চূড়ান্ত হয়েছে। বাকিগুলো শিগগিরই করা হবে।কোনাল বলেন, ‘পঞ্চকবির গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ইচ্ছা ছিল। অ্যালবামে আমার পছন্দের গানগুলোই থাকবে।’৬ মার্চ ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এই প্রতিযোগিতার উপস্থাপনার কাজ নিয়ে কোনাল এখন ব্যস্ত আছেন।কোনাল বললেন, ‘এরপর কুয়েতে মায়ের কাছে বেড়াতে যাব। ফিরে এসে পঞ্চকবির গানের অ্যালবামের রেকর্ডিং শুরু করব। অ্যালবামের গানগুলো হবে অর্কেস্ট্রা ও পিয়ানোনির্ভর।’২০০৯ সালের চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোনালের প্রথম একক গানের অ্যালবাম জাদু বাজারে এসেছে গত বছরের সেপ্টেম্বর মাসে। কোনাল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন।জানা গেছে, পঞ্চকবির গান নিয়ে কোনালের অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন।