দেশের গান গেয়ে ১০ বছর পূর্তি অনুষ্ঠান করল সংগীত সংগঠন নন্দন। গতকাল শুক্রবার ছুটির দিন সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে ‘পঞ্চকবির স্বদেশ বন্দনা’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নন্দনের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডি এল রায়, অতুল প্রসাদ, রজনী কান্তের দেশাত্মবোধক গান গেয়ে শোনান।‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে গানের পালা শুরু করেন সুস্মিতা মণ্ডল। শিল্পীরা সবাই একটি করে গান করেছেন। নাইমা ইসলাম গেয়েছেন ‘বুক বেঁধে তুই দাঁড়া’, শারমিন সুলতানা ‘ও ভাই খাঁটি’, সুমাইয়া ফারাহ খান ‘মায়ের দেয়া মোটা কাপড়’, শাহনাজ বীথি ‘ও আমার দেশের মাটি’, জান্নাত-ই-ফেরদৌসী ‘দেখ মা এবার দুয়ার খুলে’, মামুন জাহিদ খান ‘ঐ মহাসিন্ধুর’, আইনুন নাহার ‘জাগাও পথিক’, আরিফুর রহমান ‘আজি বাংলাদেশের হূদয় হতে’, নাসিমা শাহিন ‘আবার তুই’, মাহমুদ সেলিম ‘পায়ের শেকল’, বিজন চন্দ্র মিস্ত্রি ‘গঙ্গা-সিন্ধু-নর্মদা’। অনুষ্ঠানে আরও গান করেছেন নুসরাত জাহান, সুমন মজুমদার, তাসলিমা বেগম, নীলুফার জাহান, বায়তুন নাহার, অনিন্দিতা তমা, সুমন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সহায়তা করেছে সনিক গ্রুপ।মানবাধিকারের জন্য নাটক‘বাংলা মা’র দুর্নিবার আমরা তরুণ দল—শ্রান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল’ স্লোগান নিয়ে ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে শুরু হওয়া মানবাধিকার নাট্য উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। গত বৃহস্পতিবার থেকে মানবাধিকার নাট্য পরিষদের আয়োজনে এ উৎসব শুরু হয়।গতকাল ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পাবনার দল এবং ঢাকার বটতলা, নাট্যধারা ও প্রাচ্যনাট নাটক পরিবেশন করে।আজ শনিবার সমাপনী দিনে নাটক ছাড়াও থাকবে গুণীজন সম্মাননা। এই পর্বে শিল্পী মুর্তজা বশীর, প্রতিভা মুৎসুদ্দি ও অজিত মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হবে।শুরু হচ্ছে শিশু বইমেলা‘গড়তে দেশ পড়ব বই, জ্ঞানের আলোয় দীপ্ত হই’ স্লোগান নিয়ে ১০ দিনব্যাপী শিশু গ্রন্থমেলার আয়োজন করছে বাংলাদেশ শিশু একাডেমী। আগামীকাল রোববার থেকে একাডেমী প্রাঙ্গণে মেলা শুরু হবে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। তৃতীয়বারের মতো শিশু একাডেমী এই মেলার আয়োজন করছে।কর্মদিবসে বেলা তিনটা থেকে রাত আটটা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।