
পঞ্চগড়ের বিভিন্ন স্থানের জমিতে ধানের পাশাপাশি নানা জাতের পাথর জন্মে। সেই পাথর জমি খুঁড়ে রেলস্টেশনের আশপাশে জড়ো করা হয়। তারপর সেগুলো চাহিদা অনুযায়ী ওয়াগন ভরে দেশের বিভিন্ন জায়গায় চালান করা হয়। পাথর চালা, ওয়াগনে ভরা কাজগুলো সাধারণত নারীশ্রমিকেরাই করে থাকেন। ময়মুনা তাঁদেরই একজন। যক্ষ্মা রোগে আক্রান্ত পঞ্চগড় রেলস্টেশনের গ্যাংম্যান কফিলের জন্য ময়মুনা যে চরম আত্মত্যাগ করেন, সেই ত্যাগের গল্প নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ছিটকিনি ।
২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন সাজেদুল আউয়াল। তিনি জানান, পঞ্চগড় রেলস্টেশনে ২৯ বছর আগে ওয়াগন ভরে পাথর আনতে গিয়েছিলেন তিনি। তখন তিনি ছিটকিনির কাহিনি লিখেছিলেন। এবার তার চলচ্চিত্ররূপ দিচ্ছেন। এটি একটি আত্মজৈবনিক কাহিনি।
২০ থেকে ২৭ আগস্ট ছবিটির কাজ হলো পঞ্চগড় রেলস্টেশন আর এর আশপাশে এলাকায়। অভিনয় করছেন রুনা খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মুসতাগিসুর রহমান, রুবলী, জহিরুজ্জামান, আপন প্রমুখ। বাকি অংশের শুটিং শুরু হবে নভেম্বর মাসে। তখন কাজ হবে ময়মনসিংহ, নেত্রকোনা আর পঞ্চগড়ের ভজনপুরে।