
৯ থেকে ১১ ফেব্রুয়ারি ভারতের পুনেতে হয়ে গেল বৈচিত্র্যময় গানের উৎসব ‘ভিএইচওয়ান সুপারসনিক ২০১৮’। ২০১৩ সালে ভারতের গোয়া রাজ্যে এই উৎসব বসে প্রথমবারের মতো। এরপর থেকে পুনেতেই হয়ে আসছে উৎসবটি। এ বছর বসে এর পঞ্চম আসর। তিন ‘সুপারসনিক’ উৎসবে ছয়টি মঞ্চ মাতিয়ে রাখেন নানা ঘরানার শিল্পী ও গানের দল। এর আগের আয়োজনের মূল আকর্ষণই ছিল ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম)। পঞ্চম আসরে এর সঙ্গে যোগ হন রক, পপ, ড্যান্স ও হিপহপ ঘরানার শিল্পী ও দলগুলো। মেজর লেজার, আল্ট-জে, ইনকিউবাসের মতো দল আর জ্যামাইকান হিপহপ শিল্পী শ্যন পলের মতো শিল্পীদের উপস্থিতি ছিল এবারের উৎসবের বিশেষ আকর্ষণ। ভারতীয় ডিজে যেডানও মাতিয়েছেন মঞ্চ। মারুন ফাইভ ও কোল্ডপ্লের মতো জনপ্রিয় ব্যান্ডের গানের ডিজে মিক্স করে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছেন এই তরুণ ভারতীয় ডিজে। ইডিএমের সঙ্গে ভারতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে সবার নজর কাড়া নিউক্লিয়াও ছিলেন উৎসব মঞ্চে।
আয়োজনের অনেক বড় আকর্ষণ ছিল সনিক রিয়াল্ম মঞ্চ। মঞ্চ নয়, এ যেন রূপকথা! উৎসবের মূল আয়োজক ভায়াকম এইটিন প্রাইভেট লিমিটেডের হেড অব লাইভ এন্টারটেইনমেন্ট বিজনেস সৌগত ভৌমিকের ভাষায়, ‘সনিক রিয়াল্ম হলো একটা কল্পনার জগৎ সৃষ্টির চেষ্টা। আমাদের ধারণা, মানুষ যখন কোনো উৎসব দেখতে আসে, তারা প্রতিদিনের সাধারণ জীবন থেকে বাইরে বের হয়ে নতুন এক জগৎ দেখার আশাতেই আসে। সেই চিন্তা থেকেই এমন মঞ্চ তৈরি।’ ভিএইচওয়ান সুপারসনিকের প্রথম দিনেই এই ‘সনিক রিয়াল্ম স্টেইজ’ উদ্বোধন করেন ভারতের ডিজে গুরবাক্স।
অন্যদিকে ক্লেটন হগমেইয়ার ও ইজি ওয়ান্ডালিংসের মতো শিল্পীরা আগুন ধরিয়েছেন লাইভ এরিনা স্টেজে। এই মঞ্চেই পারফর্ম করে ব্রিটিশ ইন্ডি রক ব্যান্ড অল্ট-জে। তিন সদস্যের এই দল শিহরণ তোলে প্রত্যেক দর্শকের রন্ধ্রে! ‘ইন কোল্ড ব্লাড’, ‘ডেডক্রাশ’ ইত্যাদির পর অল্ট-জে মঞ্চে বোমা ফাটাল তাদের ‘ব্রিজব্লক্স’ গান দিয়ে! লাইভ এরিনা মঞ্চে তখন নীল, সাদা ও পার্পল আলোকসজ্জা দিয়ে এক অভাবনীয় পরিবেশ!

প্রথম দিনের শেষ আকর্ষণ ছিল মেজর লেজার। ডিপ্লোর নেতৃত্বে ডিজে জিলিওনিয়ার এবং ওয়ালশ ফির মঞ্চে ঝড় তোলে! অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানের ‘হাম্মা হাম্মা’ গানের রিমিক্স উপস্থাপন করে মেজর লেজার।
উৎসবের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল মার্সমেলো। মার্সমেলো যেন পুরো দর্শক নিয়ে ডুবে গিয়েছিল তার ইলেকট্রনিক মিউজিকে! এর সঙ্গে ছিল সনিক রিয়াল্ম স্টেজের অসাধারণ রূপকথার খেলা।
তৃতীয় দিন ইনকিউবাস ঝড় তোলে উৎসবে। গ্লিটারবম্বের মতো তাদের জনপ্রিয় কিছু গান দিয়ে শুরু করে পরিবেশনা। সনিক রিয়াল্ম মঞ্চে উৎসবের শেষ দিন ওঠেন আসেন শন পল। শুরুতেই করেন তাঁর জনপ্রিয় গান ‘গেট বিজি’। তারপর চলতে থাকে ‘গট টু লাভ ইউ’, ‘চিপ থ্রিল্স’ ‘বাইলান্ডো’ ‘রকাবাই’ ইত্যাদি। এড শিরানের ‘শেইপ অব ইউ’ গানটির একটি বিশেষ সংস্করণও উৎসবে গেয়ে শোনান শন পল। শেষ করলেন তাঁর ‘টেম্পারেচার’ দিয়ে! শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত শন পল মাতিয়ে রাখেন ভিএইচওয়ান সুপারসনিক ২০১৮-এর সনিক রিয়াল্ম স্টেজ।
তিন দিনের এই গানের উৎসবে অংশ নেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। গানের পাশাপাশি খাবার, খেলাধুলা এবং আরও নানা রকমের আকর্ষণীয় কর্মকাণ্ড দিনে দিনে এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলছে। বাংলাদেশ থেকেও কিছু শ্রোতা গিয়েছিলেন এবারের ভারতের পুনে শহরে। উৎসবের কিউরেটর নিখিল চিনাপ্পা আশা করছেন, সুপারসনিক উৎসবের বাংলাদেশি গানপ্রেমীদের অংশগ্রহণ সামনের বছর থেকে আরও বাড়বে।