পঞ্চাশে রূপবতী
শীত সামনে রেখে পাঁচ দিনের নাট্যোৎসবের পরিকল্পনা হাতে নিয়েছে সুবচন নাট্যসংসদ এবং নিজ দলেরই পাঁচটি নাটক নিয়ে এই উৎসব হবে। দল সূত্রে জানা গেছে, দলের চলতি প্রযোজনা রূপবতী নাটকটির ৫০তম প্রদর্শনী উপলক্ষে আগামী ডিসেম্বরের শেষের দিকে এ উৎসবের আয়োজন করা হবে। উৎসবে দলের চলতি পাঁচটি প্রযোজনা সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় মহাজনের নাও, খালেদ খানের নির্দেশনায় ক্ষুধিত পাষাণ, রূপবতী, এস এম সোলায়মান নির্দেশিত খানদানী কিস্সা ও আসাদুল ইসলাম আসাদের ষড়্ভুজ নাটক দেখা যাবে। দলের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন,‘রূপবতী নাটকটির এরই মধ্যে ৪৬টি রজনী হয়েছে। প্রায় চার বছর ধরে আমরা নাটকটির প্রদর্শনী করে যাচ্ছি। আরও আগেই নাটকটির ৫০তম প্রদর্শনী শেষ করতে পারতাম, কিন্তু মাঝখানে নতুন নাটক এবং চলতি প্রযোজনাগুলো আমরা নিয়মিতই প্রদর্শনী করেছি। এ ছাড়া ঢাকার মঞ্চে মিলনায়তনের সমস্যা তো সবাই জানি। বেশি বেশি মিলনায়তন বরাদ্দও পাইনি। ফলে আমরা আরও আগে নাটকটির অর্ধশত মঞ্চায়ন করতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা আরও তিনটি প্রদর্শনী শেষ করে নাটকটির ৫০তম প্রদর্শনীর আয়োজন করতে পারব এবং এই আয়োজনকে ধরেই নিজ দলের চলতি পাঁচটি প্রযোজনা নিয়ে উৎসব করব। এবার উৎসবে বাইরের কোনো দল থাকছে না। কেননা, আমাদের নিজেদেরই পাঁচটি প্রযোজনা তৈরি আছে। আর উৎসব পাঁচ দিনের মধ্যেই রাখতে চাইছি। বড় আকারে করছি না।’রূপবতী নাটকটি ২০০৬ সালে পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধন হয়। নাসরীন জাহানের লেখা, খালেদ খানের নির্দেশনায় নাটকটির অভিনয়ে আছেন আহাম্মদ গিয়াস, সোনিয়া হাসান সুবর্ণা, দিপু, রূপা নাসরীন, আনসার আলী, আসাদুল ইসলাম আসাদ, লিঠু রানী বিশ্বাস, লীনা, চিকু, সোহেল খান, সোহাগ, ইমরান, সালাউদ্দিন, বাবুল, তানজির প্রমুখ।