পঞ্চাশের পথে ‘রূপবতী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবচন নাট্য সংসদের প্রযোজনা রূপবতী নাটকটির অর্ধশত মঞ্চায়নের পথে এগিয়ে চলেছে। এরই মধ্যে নাটকটির ৪৪তম মঞ্চায়ন শেষ হয়েছে। ১০ ও ২৬ এপ্রিল শিল্পকলা একাডেমীর মিলনায়তনে নাটকটির সর্বশেষ দুটি প্রদর্শনী হয়েছে। সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘ঢাকার মঞ্চে রূপবতী দর্শকের কাছে বেশ জনপ্রিয়। নাটকের প্রতিটি প্রদর্শনীতেই আমরা দর্শকের বিপুল সাড়া পেয়েছি।’ কবে নাগাদ নাটকটির ৫০তম প্রদর্শনী পূর্ণ হবে?—জানতে চাইলে তিনি বলেন, ‘দলে প্রায় চারটি নাটক নিয়মিত মঞ্চস্থ হচ্ছে এবং সবই আমরা পর্যায়ক্রমে প্রদর্শনী করি। আশা করছি, আগস্ট মাসের মধ্যেই রূপবতী নাটকটির ৫০তম প্রদর্শনী শেষ করে আনতে পারব।’ এদিকে দল সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস বিরতি দিয়ে আবারও রূপবতী নাটকটি নিয়মিত মঞ্চায়ন শুরু হয়েছে। এ ব্যাপারে আহাম্মদ গিয়াস বলেন, ‘আমরা এরই মধ্যে দলের অন্য প্রযোজনা ক্ষুধিত পাষাণ, খানদানী কিস্সা ও ষড়ভুজ নাটক তিনটির মঞ্চায়ন করেছি এবং পর্যায়ক্রমে রূপবতীর মঞ্চায়ন আসতে এই সময় লেগেছে।’পরাবাস্তব কাহিনি নিয়ে নাসরীন জাহানের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন খালেদ খান। এতে অভিনয় করেছেন মেহেদী হাসান সোহাগ, আনসার আলী, সাইফুল ইমাম দিপু, আসাদুল ইসলাম, সোনিয়া হাসান সুবর্ণা, রূপা নাসরীন, নাহিদা আক্তার, মুন্নী প্রমুখ।