
অস্কার মনোনয়ন পেলে ‘পুরস্কার পাওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে কী বলব’—এই ভেবে ভেবে নাকি তারকাদের ঘুম হারাম হয়ে যায়! জুলিয়ান মুর বোধ হয় ব্যতিক্রম। মুখের হাসিটা ধরে রেখে কীভাবে হাততালি দেওয়া যায়, তিনি হয়তো বাড়িতে বসে সেই মহড়াই করছিলেন! মনোনয়ন পাওয়ার ‘অভিজ্ঞতা’ থেকে তিনি নিশ্চয়ই জানেন, হতাশা চেপে মুখে হাসি ধরে রাখাটা সহজ নয়।
কিন্তু না! ৮৭তম অস্কারে সেরা অভিনেত্রীর নাম ঘোষণার পর জুলিয়ান মুরকে দর্শকসারিতে বসে হাততালি দিতে হয়নি। এর আগে চারবার ফসকে গেলেও এবার ঠিকই পুরস্কার নিতে তিনি মঞ্চে উঠেছেন। পুরস্কার হাতে অনুভূতি বর্ণনার সময় কিংবা অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে ৫৪ বছর বয়সী জুলিয়ান মুরকে দেখাচ্ছিল চপল কিশোরীর মতো! মুখ থেকে আর উচ্ছল হাসি সরেই না!
শুধু একটা প্রসঙ্গে বলতে গিয়ে জুলিয়ান একটু সিরিয়াস হলেন। স্টিল অ্যালিস ছবির অ্যালিস, যে চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পী হিসেবে তিনি পেয়েছেন একাডেমি অ্যাওয়ার্ড। ছবির গল্পে ড. অ্যালিস হল্যান্ড ৫০ বছর বয়সী একজন অধ্যাপক। স্বামী-সন্তানকে নিয়ে ভালোই কাটছিল দিন। একসময় আলঝেইমার রোগে আক্রান্ত হয়ে তার সব বদলে যায়। অ্যালিস ভুলে যেতে থাকে তার প্রিয় সব স্মৃতি, ভালোবাসার মানুষ, এমনকি ‘ভালোবাসি’ শব্দটাও...!
জুলিয়ান বলেন, ‘যেসব রোগের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ মারা যায়, আলঝেইমারের অবস্থান তার মধ্যে ষষ্ঠ। এ রোগের কোনো ওষুধ কিংবা চিকিৎসা নেই। অসংখ্য মানুষ আলঝেইমারে ভুগছে। সিনেমায় আমি জীবনঘনিষ্ঠ গল্প ভালোবাসি। আমাদের চারদিকে ঘটছে, এমন ঘটনা, আশপাশে আছে, এমন চরিত্রগুলোই আমাকে টানে।’
বড় পর্দায় বাস্তবধর্মী ঘটনা যিনি ভালোবাসেন, তাঁর জীবনটাও সিনেমার চেয়ে কম কিসে?

বাবার বদলির চাকরি, সে সুবাদে দশম শ্রেণি পেরোনোর আগেই নয়বার স্কুল বদল করতে হয়েছে! এমন রোমাঞ্চকর স্কুলজীবনেও জুলিয়ান মুখ গোমড়া করে থাকতেন। কেন? কারণ, তাঁর মুখে ছিল মেছতার দাগ। স্কুলে ছেলেমেয়েরা ‘ফ্রেকেলফেস স্ট্রবেরি’ (স্ট্রবেরির মতো ছোপ ছোপ দাগ আছে যার মুখে) বলে খ্যাপাত। একসময় বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিষয়ে পড়াশোনার পাট চুকিয়ে কাজ করেছেন রেস্তোরাঁর খাবার পরিবেশক হিসেবে। টিভি সিরিজ আর চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান, কিন্তু ওপরে ওঠার সিঁড়িটা পেতে সময় লেগেছে অনেক। দারুণ অভিনেত্রী হিসেবে বড় বড় পরিচালক পিঠ চাপড়ে দিয়েছেন, কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন, কিন্তু অস্কারটাই পাওয়া হচ্ছিল না।
অস্কার-মূর্তি হাতে নিয়ে মঞ্চে কৌতুক করার সুযোগও ছাড়েননি জুলিয়ান। বলেছেন, ‘একটা প্রবন্ধে পড়েছিলাম, অস্কার পেলে নাকি মানুষের আয়ু বাড়ে। একাডেমি অ্যাওয়ার্ডকে ধন্যবাদ আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য, কারণ আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট!’
স্বামীর সঙ্গে আরও অনেকটা সময় কাটানোর ইচ্ছা তো জুলিয়ান করতেই পারেন। এবার যে আর অস্কার হাত থেকে ফসকাবে না, সে ভবিষ্যদ্বাণী স্বামী বার্ট ফ্রেয়ন্ডলিশই সবার আগে করেছিলেন। এমনকি ছবি মুক্তিরও আগে, যখন স্টিল অ্যালিস ছবি সম্পাদনা শেষে ফাইনাল কাট দেখতে জুলিয়ান স্বামীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
জুলিয়ান মুর একজন সফল অভিনয়শিল্পী, সফল স্ত্রী, সফল মা। শিশুসাহিত্যিক হিসেবেও তাঁর সুনাম কম নয়। তাঁর লেখা প্রথম বই-ই ছিল নিউইয়র্ক টাইমস-এর ‘সর্বোচ্চ বিক্রী’র তালিকায়। আর হ্যাঁ, সে বইয়ের নামটা জানেন তো? ফ্রেকেলফেস স্ট্রবেরি!
মো. সাইফুল্লাহ
জুলিয়ান মুরের বিভিন্ন সাক্ষাৎকার অবলম্বনে