পটচিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটচিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী মারা গেছেন। শনিবার দিবাগত রাত তিনটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শিল্পীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
১৯৬৯ সালের ১ নভেম্বর রঘুনাথ চক্রবর্তী জন্মেছিলেন। গাইবান্ধার এ শিল্পীর ছবি আঁকার ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু পটচিত্রশিল্পে তিনি দেশের প্রথম সারির শিল্পী। মায়ের আলপনা আঁকা থেকে শিল্পী অনুপ্রাণিত হন। তাঁর ভালো লাগত গ্রামের পালা, পার্বণ, যাত্রা। এসবই পরে হয়ে ওঠে তাঁর পটচিত্রের বিষয়।
জাপানে শিল্পীর পটচিত্রের প্রদর্শনী হয়েছিল। সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে আছে রঘুনাথ চক্রবর্তীর কাজ।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পীর মরদেহ আনা হয়। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ফুল দিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া শ্রদ্ধা জানায় চারুকলার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
পরে শিল্পীর মরদেহ পোস্তগলা শ্মশানে দাহ করা হয়।