পটুয়াখালীতে গণমানুষের গান
‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী বৃহত্তর বরিশাল জেলা গণসংগীত উৎসব শুরু হয়েছে৷
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সামসুদ্দিন৷ বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন ও শান্তি দাস৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জেলা গণসংগীত উৎসব সমন্বয় পরিষদের সভাপতি মানস দত্ত৷ সভাপতিত্ব করেন বৃহত্তর বরিশাল জেলা গণসংগীত উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম৷উৎসবে বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ঢাকার বিভিন্ন গণসংগীত দল ও একক শিল্পীরা অংশ নিচ্ছেন৷